সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে গতকাল জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: প্রথম আলো
বিজয় দিবসে গতকাল জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: প্রথম আলো

আমি শপথ করছি যে, একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে অধিষ্ঠিত রাখব। স্বাধীনতার যে মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে, তা আবার প্রতিষ্ঠিত করব।
এভাবেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো কণ্ঠে ধ্বনিত হলো দেশকে সব ধরনের অসাম্য থেকে রক্ষার শপথ। গতকাল মঙ্গলবার বিকেলে বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটি এ শপথের আয়োজন করে।
এর আগে চারটা ৩১ মিনিটে সেখানে উপস্থিত হাজারো মানুষ একসঙ্গে গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। শব্দযন্ত্রের আওয়াজ যত দূর যায়, জনতা দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। গণমাধ্যমের কল্যাণে সারা বাংলায় সব বাঙালির কাছে পৌঁছে যায় মধুর সেই ধ্বনি। মঞ্চ থেকে ঘোষণা হয়, যেন প্রবাসী বাঙালিরাও অংশ নেন এই আয়োজনে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঠিক এই সময়টাতে পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের দলিলে সই করে। তাই জাতীয় সংগীত গাইতে এমনই এক মাহেন্দ্রক্ষণকে বেছে নেওয়া হয়।
প্রাণের এই সংগীত গাওয়ার মাধ্যমে পুরো বিশ্বের বাঙালিরা তাঁদের দেশপ্রেমটা বুঝিয়ে দেবেন। জাতীয় সংগীত শুরুর আগে এমনটিই বলছিলেন লালবাগের বাসিন্দা ইমতিয়াজ হোসেন (৪০)। চারটা তখনো বাজেনি। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে মানুষের ঢল। কেউ কেউ বের হওয়ার চেষ্টা করছেন। প্রবেশের লাইনে দাঁড়িয়ে কথা হয় ইমতিয়াজের সঙ্গে। পাঁচ বছর বয়সী মেয়ে তানিশাকে কাঁধে চড়িয়ে ভিড় সামলে উদ্যানে ঢোকার চেষ্টা করছেন। জানালেন, জাতীয় সংগীত গেয়ে নিজেকে ‘ঝালাই’ করতে এসেছেন।
লাল-সবুজের পতাকার ছাপ মুখে-গালে এঁকে অনুষ্ঠানে অংশ নেয় শিশুরা। তাদের মা-বাবাও সাজেন লাল-সবুজের আবহে। মাথায় পতাকা বেঁধে মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে দলে দলে জাতীয় সংগীত গাইতে আসেন।
জাতীয় সংগীত শেষে মুহুর্মুহু স্লোগান আর ‘জয় বাংলা’ ধ্বনিতে মুখরিত হয় উদ্যানের এই অংশটি। পরে একসঙ্গে বজ্রমুষ্টি ঊর্ধ্বে তুলে শপথ নেন দেশমাতৃকার কল্যাণে কাজ করার। শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রবীণ সাংবাদিক ও উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা আবদুল গাফ্ফার চৌধুরী। মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার পাশাপাশি দেশকে উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ ও অসাম্যের হাত থেকে মুক্ত করা, রাজাকার, ঘাতক ও দালালদের বিচারকে বেগবান করার জন্য আন্দোলন অব্যাহত রাখা, শোষিতদের মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন জনতা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শপথ শেষ হওয়ার আগে বিশ্বমানবতাকেও শক্তিশালী করার প্রত্যয়ও ঘোষণা করা হয়।
এর আগে বেলা সোয়া একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ, মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে বিরোধিতাকারী সেই রাজাকার, আলবদর, আলশামসদের দ্রুত বিচার সম্পন্ন ও কার্যকর করতে হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে  গতকাল বিজয় দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে  শপথ নিচ্ছে শিশুসহ  সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিজয় দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে শপথ নিচ্ছে শিশুসহ সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো


পরে বিকেল পর্যন্ত ‘আমাদের সংস্কৃতি’ শিরোনামে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত গাইবার ঠিক আগে বক্তব্যে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান “জয় বাংলা” হারাতে বসেছিলাম। কিন্তু তরুণ প্রজন্ম আবার তা ফিরিয়ে দিয়েছে। দেশের তরুণ প্রজন্ম শুধু ফেসবুকে লাইক দেওয়া আর গানবাজনাই করে না, তারা দেশকে অনেক ভালোবাসে। তরুণ প্রজন্মই নতুন করে দেশকে ভালোবাসতে শিখিয়েছে।’
নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে উপস্থিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা সেদিনই আমাদের বিজয়ের পূর্ণ স্বাদ পাব, যেদিন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে।’ এ সময় আরও বক্তব্য দেন বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
শপথ শেষে গণজাগরণ মঞ্চের উত্থান-সম্পর্কিত একটি ভিডিওচিত্র দেখানো হয়। পরে মঞ্চের কর্মী-সংগঠকেরা একাধিক গান পরিবেশন করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে ছিল ‘মুক্তিযুদ্ধের গান’। সন্ধ্যায় ‘বিজয় আতশ সজ্জা’ ও রাতে ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর ফ্রিডম’।