সমমনা দলগুলোকে নিয়ে বিকল্প জোটের কথা ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা দলগুলোকে নিয়ে ‘বিকল্প জোট’ গঠনের কথা ভাবছে বিকল্পধারা বাংলাদেশ। দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এ কথা জানান।আবদুল মান্নান বলেন, জনগণ ক্ষমতাসীন ও বিরোধীদলীয় জোট—উভয়ের শাসনই দেখেছে। কোনো জোটই তাদের আশা পূরণ করতে পারেনি। আর তাই তারা এখন দুই জোটের বাইরে বিকল্পধারার নেতৃত্বে বিকল্প শক্তির উত্থান দেখতে চায়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাটে গতকাল শনিবার দলের এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আবদুল মান্নান আরও বলেন, চারদলীয় জোটের দুর্নীতি ও অপশাসনে ক্ষুব্ধ হয়ে মানুষ মহাজোটকে সমর্থন দেয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে মহাজোট সেই মানুষের কথা ভুলে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাজোট সরকার সব কিছুতেই ব্যর্থ। তারা এখন শুধু ‘বিচার বিচার’ করছে, আর সবকিছুতেই বিচার ব্যাহত করার ভূত দেখছে। দলের নেতাদের মুখে শুধু খাই খাই, আর দেশের মানুষের মুখে নাই নাই।