সমমনা সাতটি দলের সঙ্গে বিএনপির বৈঠক
সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে সমমনা সাতটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আন্দোলনের বিভিন্ন দিক, পর্যায় ও কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে—জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও মুসলিম লীগ। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ছাড়াও নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম, হাবিব উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।