সময় গেলেও বরাদ্দ জোটেনি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুস্থ মানুষদের রমজান মাসে সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় বরাদ্দ দেওয়া চাল বিতরণ করার সময়সূচি পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো দুস্থ তা পাননি। এ উপজেলায় দুস্থদের জন্য ২০০ দশমিক ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে তা বিতরণের নির্দেশ ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতায় এ চাল বিতরণ হয়নি বলে অভিযোগ উঠেছে।
উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা দেলোয়ারা বেওয়া (৬৫) বলেন, রোজায় চালটা পেলে খুব উপকার হতো। কিন্তু সরকারের কাছ থেকে চাল পাওয়ার কোনো খবরই গ্রামে তাঁর মতো অন্য দুস্থরাও এখনো পাননি বলে জানান তিনি।
একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক চার-পাঁচজন বলেন, গরিব মানুষকে চাল না দিতেই কৌশলে সময়ক্ষেপণ করা হচ্ছে। এরপর নামেমাত্র কিছু চাল বিতরণ করে চেয়ারম্যান-মেম্বারের লোকেরাই এ চাল মেরে দেবেন বলে তাঁদের আশঙ্কা।
পিরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, তালিকা তৈরির কাজ এখনো চলছে। চলতি সপ্তাহেই চাল বিতরণ করা হবে।
দেউলী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘আমি আগামী এক সপ্তাহের মধ্যে চাল বিতরণ করব।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘সুবিধাভোগীদের তালিকা তৈরি করতে বিলম্ব হচ্ছে। তবে আগামী রোববারের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সরকারি বরাদ্দের চিঠি পাওয়া গেছে শেষ সময়ে। এ সময়ের মধ্যে তালিকা করতে পারেননি জনপ্রতিনিধিরা। তাঁরা তালিকা দিলেই চাল বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে সরকার দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে খাদ্য-সহায়তা দেওয়ার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১৮ হাজার ৫৩৫টি পরিবারের জন্য ১৮৫ দশমিক ৩৫ মেট্রিক টন এবং পৌরসভার ১ হাজার ৫৪০ পরিবারের জন্য ১৫ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। ভিজিএফ কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা।
সূত্রটি আরও জানায়, উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বিতরণ করার জন্য সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এলাকার দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, অসহায় বৃদ্ধদের তালিকা গত ২৮ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন।