সময় ফুরিয়ে আসছে, উদ্বিগ্ন জাতিসংঘ

সত্যিকার অর্থেই অংশগ্রহণমূলক’ নির্বাচন অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ‘বাস্তবিক অর্থেই বিশ্বাসযোগ্য’ ও ‘সহিংসতামুক্ত নির্বাচনের’ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে’ পৌঁছানোর তাগিদ দিয়েছে জাতিসংঘ।
গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব এই মনোভাব প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বান কি মুন উল্লেখ করেন, একই ধরনের একটি চিঠি তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও লিখেছেন।
জাতিসংঘ সব দলকে নিয়ে সত্যিকার অর্থেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে আগ্রহী। তাই এ ধরনের নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে বান কি মুন বাংলাদেশের দুই নেত্রীকে চিঠি দিয়েছেন।
নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ প্রতিবেদককে জাতিসংঘ মহাসচিবের চিঠি হাতে পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোর কাছে চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছে। এর আগে আগস্টে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বান কি মুন দুই নেত্রীকে টেলিফোন করেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠির শুরুতেই বাংলাদেশের গণতন্ত্র ও আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার প্রত্যয়ের প্রশংসা করেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁরা বৈঠক করেন। ওই বৈঠকের কথা উল্লেখ করে বান কি মুন বলেন, ‘আমাদের আলোচনার সময় সবার অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আপনার অঙ্গীকার আমাকে উজ্জীবিত করেছে। সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সাম্প্রতিক উদ্যোগগুলো আমি লক্ষ করছি। তবে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে সত্যিকার অর্থেই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সময় এখন ফুরিয়ে আসায় আমি উদ্বিগ্ন।’
নির্বাচন নিয়ে রাজনৈতিক বিরোধের মীমাংসা চায় জাতিসংঘ। এ লক্ষ্যে জাতিসংঘের সহকারী মহাসচিবকে ঢাকায় পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে বান কি মুন বলেন, ‘বাস্তবিক অর্থেই বিশ্বাসযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের সহায়ক পরিবেশ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে ৬ থেকে ৯ ডিসেম্বর ঢাকায় পাঠাচ্ছি। আপনি তাঁকে সাক্ষাতের সুযোগ দিলে আমি কৃতজ্ঞ থাকব।’
বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তাই এ বিষয়ে খালেদা জিয়াকেও চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘এ ধরনের একটি চিঠি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী খালেদা জিয়াকে পাঠিয়েছি। ওই চিঠিতে আপনার সরকারের সঙ্গে একটি অর্থবহ ও ইতিবাচক রাজনৈতিক সংলাপে বসতে তাঁকে ও তাঁর দলকে উৎসাহ জুগিয়েছি, যাতে করে পরস্পরের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানের মাধ্যমে আগামী নির্বাচনের আয়োজন করা যায়।’