সময়মতো কাজ হয়নি, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ওই সভা হয়। সভায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলোকে (পিআইসি) কাজের ২০ শতাংশ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না দিতে পারায় তারা কাজ করতে গড়িমসি করছে।
একই দিন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী আবদুল বাতেন জেলার জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর জেলার ৪২টি হাওরের ফসল রক্ষায় পিআইসি ও ঠিকাদারের মাধ্যমে ২০ কোটি ১৭ লাখ টাকার কাজ হচ্ছে। পিআইসির মাধ্যমে কাজ হচ্ছে ১৫ কোটি টাকার। ঠিকাদারেরা করছেন ৫ কোটি ১৭ লাখ টাকার কাজ। কাজের জন্য ২৪৩টি পিআইসি গঠন করা হয়েছে। কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।
সভায় তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, তিনি তাঁর উপজেলার ২৩টি হাওরে বাঁধের কাজ একাধিকবার পরিদর্শন করেছেন। তাঁর মনে হয়েছে, যে বাঁধে এক লাখ টাকার কাজ হওয়ার কথা, সেখানে ব্যয় ধরা হয়েছে ছয় লাখ টাকা। এটা পাউবোর একটা কৌশল। বাকি টাকা পাউবোর কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির লোকজনের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়।
কামরুজ্জামান অভিযোগ করেন, পিআইসির লোকজন প্রতিটি কাজের ১৫ ভাগ টাকা পাউবো কর্মকর্তাদের দেন। এটা এখন ওপেন-সিক্রেট। তাই কাজে এত নয়ছয় হয়। এ অবস্থায় হাওরের ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।
অভিযোগ অস্বীকার করে দীপক রঞ্জন দাস বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, পিআইসির লোকজনের কাছ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা টাকা নেন।’ এ সময় সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি শফিকুল আলম বলেন, ‘বাঁধের কাজ থেকে কে কত পার্সেন্ট খায়, আমরা সেটা জানতে চাই না। আমরা চাই শতভাগ কাজ করে ফসল রক্ষা করা হোক।’
জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ বলেন, সবাই পিআইসি নিয়ে ব্যস্ত। ঠিকাদারদের পাঁচ কোটি টাকার কাজ তো এখনো অর্ধেক হয়নি। এটা কেউ বলে না। এখানে পাউবো আর ঠিকাদারদের একটা আঁতাত আছে। সেটা হলো, পানি চলে এলে শতভাগ কাজ হয়েছে বলে পুরো বিল তুলে নেওয়া। এই চালাকিটা পাউবো সব সময় করে থাকে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মফচ্ছির মিয়া বলেন, বাঁধের কাজের ধীরগতির এমন দৃশ্য অতীতে দেখা যায়নি। এর আগে দুটি সভায় একইভাবে পাউবোকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা মনে হয় বিষয়টিতে গা লাগাচ্ছে না।
সভায় পাউবো কর্মকর্তাদের উদ্দেশ করে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘হাওরের ফসল অরক্ষিত থাকবে আর আপনারা যুক্তি দেখাবেন, সেটা হবে না। কাজে গাফিলতির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ জেলা প্রশাসক এ সময় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের তদারকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ বলেন, এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ শতাংশ কাজ হয়েছে। পিআইসিদের দ্বিতীয় কিস্তির টাকা দু-এক দিনের মধ্যে চলে আসবে। তখন কাজে আরও গতি বাড়বে। কাজে অনিয়ম-অবহেলার অভিযোগ অস্বীকার করেন তিনি।