সময়মতো গিয়েও মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী কাউন্সিলর প্রার্থী যাঁরা ঠিক সময়ে উপস্থিত হয়েও মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাঁদের পক্ষে কথা বলেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার। ছবি মানসুরা হোসাইন
নারী কাউন্সিলর প্রার্থী যাঁরা ঠিক সময়ে উপস্থিত হয়েও মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাঁদের পক্ষে কথা বলেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার। ছবি মানসুরা হোসাইন

নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে গেলেও তা জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রার্থী হতে ইচ্ছুক প্রায় ২৫-৩০ জন। গতকাল ২৯ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা নেওয়ার আবেদন জানান ওই প্রার্থীরা। এ সময় সাংবাদিকদের কাছে তাঁরা এ অভিযোগ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও যুব মহিলা লীগের (মহানগর) কার্যকরী কমিটির সদস্য মল্লিকা জামান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গতকাল প্রার্থীরা সময়মতো লাইনে ছিলেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে ইসি। কিন্তু গতকাল পাঁচটা বেজে যাওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র আর জমা নেওয়া হবে না।

সাবেক সাংসদ ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রার্থীদের পক্ষে ইসি কার্যালয়ে অবস্থান করছেন। তিনিও একই অভিযোগ করেছেন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নীরব হোসেন অভিযোগ করেন, গতকাল উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেছে বেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়া হয়েছে। অনেক কাকুতি-মিনতি করার পরও বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়া হয়নি। মোবাইলে এ ঘটনার ধারণ করা ভিডিওচিত্র তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।

সকাল থেকে দলে দলে কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) প্রার্থীরা নির্বাচন কমিশন অফিসে জড়ো হন। মনোনয়নপত্র গ্রহণের জন্য আলাদাভাবে তাঁরা দরখাস্ত করেছেন।

বিকেল পৌনে পাঁচটার দিকে সাবেক সাংসদ নাজমা আক্তার সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিউদ্দিন আহমদের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। পুরো বিষয়টি বি​চার-বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সিইসি তাঁদের আশ্বস্ত করেছেন।