রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) এমন একটি রোগ, যা অপরিণত নবজাতক শিশুদের রেটিনায় রক্তক্ষরণ ও ক্ষত সৃষ্টি করে। এর পরিণাম হয় আজীবনের জন্য অন্ধত্ব। তবে অপরিণত নবজাতক শিশুদের জন্মের এক মাসের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচেই এই অন্ধত্ব মোকাবিলা সম্ভব।
গতকাল সোমবার রাজধানীর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে আরওপিবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বাংলাদেশ সরকারের ন্যাশনাল আই কেয়ার, অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ নিওনেটাল ফোরাম এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, আরওপি মোকাবিলায় একটি সমন্বিত জনস্বাস্থ্যব্যবস্থা, চক্ষু পরীক্ষা ও নির্ণয়ের উদ্যোগ গ্রহণ এবং চক্ষুবিশেষজ্ঞ, নবজাতক বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ ও নার্সসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় গড়ে তুলে শিশুদের এই অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ বলেন, অপরিণত শিশুর জন্মের এক মাসের মধ্যে রেটিনা পরীক্ষা করালে এই সমস্যা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। তা ছাড়া এই রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না। তাই অভিভাবকদের নিজ থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে।
অধ্যাপক জালাল বলেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রে আরওপি নির্ণয় করা হয় না, আবার কখনো কখনো এত দেরিতে চিকিৎসকের কাছে আনা হয় যে তখন আর চিকিৎসার সময় থাকে না। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আরওপির হার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর থেকে সৃষ্ট অন্ধত্ব।
অরবিস এশিয়ার রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) দক্ষিণ এশিয়া অঞ্চলের কো-চেয়ার ডা. আবু রায়হান বলেন, ‘আমরা শিশুদের অন্ধত্ব নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিভাবক ও চিকিৎসকদের অসচেতনতা, অপর্যাপ্ত চিকিৎসাব্যবস্থার কারণে অনেক শিশু অন্ধত্বের অভিশাপ নিয়ে জীবন যাপন করছে। নতুন ও আধুনিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই অন্ধত্বের প্রবণতা কমিয়ে আনা সম্ভব।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অফথালমোলজির প্রেসিডেন্ট রাজবর্ধন আজাদ, ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিশু চক্ষু বিভাগের প্রধান রিটা এস সিটোরাস, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের এদেশীয় প্রধান ডা. মুনির আহমেদ, বাংলাদেশ নিও নেটাল ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক হোসনে আরা বেগম এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাইকেল হল।