সময়মতো বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘একেকটা বিচারকার্য সম্পন্ন হতে এত বেশি সময় লাগে, মানুষের মনে হয় বিচার হয়তো পাওয়া যাবে না। তাঁরা (বিচারকাজে নিয়োজিত ব্যক্তিরা) মাঝেমধ্যে বলেন, বিচারকার্যের প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমরা একটা সময়ের মধ্যে এর সমাধান আশা করি। নাহলে মানুষ আইনব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলবে।’
গত বুধবার রাতে রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে সুলতানা কামাল এসব কথা বলেন। টাঙ্গাইলের মির্জাপুরে মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে কোনো অগ্রগতি না হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন তিনি।
সুলতানা কামাল আরও বলেন, ‘সময়মতো বিচার না হওয়ায় অনেক সময় আমরা ক্রসফায়ারের ওপর জনগণের সমর্থন দেখি, পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা দেখি। কারণ মানুষ মনে করে, বিচারের হাতে দিয়ে কোনো লাভ হবে না, বিচার হবে না। এ অবস্থা বদলাতে চাইলে বিচারব্যবস্থাকে অনেক বেশি সক্রিয় এবং কার্যকর করতে হবে।’ এ সময় তিনি মামলাটির বিচারকাজ দ্রুত শেষ করার দাবি করেন।
এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আহমেদ উপস্থিত ছিলেন।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।