সমরাস্ত্র গুদামের ঠিকানায় এমআর পাসপোর্ট আমদানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের ঠিকানা ব্যবহার করে পোল্যান্ড থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) আমদানি করা হচ্ছে। গত দুই বছরে এ প্রক্রিয়ায় ৩৪ লাখ পাসপোর্ট আমদানি করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এর আগে সামরিক সরঞ্জাম হিসেবে শুল্কমুক্ত সুবিধায় প্রায় ৪০ কোটি টাকা দামের পাসপোর্ট বই ছাপানোর মেশিনও আমদানি করা হয়।সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সূত্রে জানা যায়, সামরিক সরঞ্জাম বা সংশ্লিষ্ট বিষয় ছাড়া কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের ঠিকানা ব্যবহার করে কোনো কিছু আমদানির নিয়ম নেই। সেনাসদর এ ধরনের অনুমতিও কাউকে দেয়নি বলে সামরিক সূত্র জানিয়েছে।সামরিক সরঞ্জাম না হওয়ার পরও কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের ঠিকানায় কেন পাসপোর্ট আমদানি করা হচ্ছে—জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, এটা একটি ছোট ভুল। এখন সংশোধন করা হচ্ছে। তবে এটা করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে না।সূত্র জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে, ২০১১ সালের ১ এপ্রিলের পর থেকে কোনো দেশই আর হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করতে পারবে না। ২০১০ সালের ১ এপ্রিল থেকে এ দেশে এমআরপি পাসপোর্ট চালু হয়। প্রকল্পের আওতায় তিন বছরে ৬৬ লাখ পাসপোর্ট ও ১৫ লাখ ভিসা স্টিকার দেওয়ার কথা রয়েছে। তিন বছরের জন্য এ খাতে সরকারের ব্যয় ধরা হয়েছে ৭১০ কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করছে।প্রকল্পের সূত্র জানায়, প্রচলিত নিয়মে বর্তমানে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বই আমদানি করা হয় পোল্যান্ডের পোলিশ সিকিউরিটি প্রিন্টিং ওয়ার্কস থেকে। আইরিশ-জেভি নামে একটি প্রতিষ্ঠান এটি সরবরাহ করে। বাংলাদেশ তাদের স্থানীয় এজেন্ট ডেটা এইজ লিমিটেড।জানতে চাইলে ডেটা এইজের পরিচালক নূরে আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে যাতে পাসপোর্ট দেওয়া যায়, সে কারণে পাসপোর্ট বই ছাপানোর যন্ত্র ও ১০ হাজার পাসপোর্ট কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের নামে আনা হয়েছিল। তিনি দাবি করেন, তখন থেকে পাসপোর্ট বই সরবরাহকারী প্রতিষ্ঠান ভুলবশত কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের ঠিকানাতেই বই পাঠাচ্ছে। এটা সরবরাহকারীদের ভুল। পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায়, এমআর পাসপোর্ট চালু হওয়ার পর দুই বছরে তিন দফায় ৩৪ লাখ পাসপোর্ট বই, ৩৪ লাখ পাসপোর্ট বইয়ের লেমিনেশন এবং চার লাখ যন্ত্রে পাঠযোগ্য ভিসা স্টিকার আমদানি করা হয়। আরও ১০ লাখ পাসপোর্ট বই, ১৩ লাখ লেমিনেটস এবং তিন লাখ ভিসা স্টিকার আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। সবই আমদানি করা হচ্ছে কেন্দ্রীয় সমরাস্ত্র গুদামের ঠিকানায়। আমদানি করা পাসপোর্ট বইয়ের মোড়কে দেখা গেছে, বড় একটি কার্টনের ভেতরে একটি করে ছোট ছোট প্যাকেট রয়েছে। প্রতিটি ১০০ পাসপোর্টের কার্টনে প্রাপকের ঘরে ‘কেন্দ্রীয় সমরাস্ত্র গুদাম, ঢাকা সেনানিবাস, ঢাকা’ ঠিকানা লেখা। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহর কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে গত মঙ্গলবার এ প্রতিনিধির সামনে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা জানতে পারেন। তিনি বলেন, প্রথম দিকে দ্রুত প্রকল্প চালু করার জন্য সেনাপ্রধানের অনুমতি নিয়ে পাসপোর্ট ছাপানোর একটি মেশিন ও কিছু পাসপোর্ট বই আমদানি করা হয়েছিল। কিন্তু বর্তমানে পাসপোর্ট বই অধিদপ্তর সরাসরি আমদানি করছে। এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।