সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী-২০১৫ পরিদর্শন করেছেন। খবর বাসসের।
এর আগে রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছালে জেট বিমানের কসরতের মাধ্যমে বিমানবাহিনীর একটি ফ্লাইপাস্ট দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন দিক অবহিত করেন। রাষ্ট্রপতি তিন বাহিনীর সমরাস্ত্র সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন, জাতি গঠনে তিন বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে সজ্জিত করা হয় এসব স্টল।
রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাঁকে স্বাগত জানান।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয় দিনব্যাপী আয়োজিত এই সমরাস্ত্র প্রদর্শনী গত ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।