সমরাস্ত্র প্রদর্শনী শুরু
চট্টগ্রামে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী ও মেলা-২০১২ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের আউটার স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আব্দুল মুবীন চৌধুরী। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চল এই মেলার আয়োজন করেছে। গতকাল সকাল সাড়ে নয়টায় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন সেনাপ্রধান। পরে তিনি মেলার সব স্টল ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। মেলায় সেনাবাহিনীতে ব্যবহূত বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। মেলা উদ্বোধনের পর স্পেশাল ফোর্স র্যাপলিং ও অস্ত্রবিহীন দ্বন্দ্বযুদ্ধের মহড়া প্রদর্শন করে। আউটার স্টেডিয়ামের মাঠে কয়েক দিন ধরে সমরাস্ত্রের সমাহার নজর কাড়ে নগরবাসীর। সকাল থেকেই মাঠের সীমানার বাইরে জড়ো হতে থাকেন উৎসাহী ব্যক্তিরা। পরে সকাল ১০টায় মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় প্রায় হাজার খানেক মানুষ লাইনে দাঁড়িয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বিপুল আগ্রহ নিয়ে দেখেছেন বিভিন্ন সমরাস্ত্র। তাঁরা দেখেন কীভাবে বিমানবিধ্বংসী কামান পরিচালনা করা হয়। নিয়মিত বিরতিতে গর্জে ওঠে পদাতিক বাহিনীর মেশিনগান। মেলার বিভিন্ন স্টলে রয়েছে, সেনাবাহিনীতে ব্যবহূত ভারী ও হালকা যানবাহন, যুদ্ধে ব্যবহূত ট্রেঞ্চ, আর্টিলারি গান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। অন্য স্টলে চলছে ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুক্তিযুদ্ধের গৌরব গাথার স্থিরচিত্র এবং ‘পার্বত্য ইতিকথা ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী। যুদ্ধের বিভিন্ন কৌশল ও সমরাস্ত্র ব্যবহারের নিয়ম দর্শনার্থীদের দেখাচ্ছেন সেনা-সদস্যরা। মেলা চলবে ২৬ মার্চ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।