সমর্থকদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শাহাদাত হোসেন গতকাল সোমবার দুপুরে অভিযোগ করেন, রোববার রাত একটার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসানের পক্ষ হয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি শহরের ডিকেপি সড়কে তাঁর সমর্থক বেলায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, কাজী হুমায়ুন, খলিলুর রহমানের বাড়িতে যান এবং তাঁদের শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যক্রম থেকে সরে যাওয়ার জন্য শাসান। অন্যথায় তাঁদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। পরে ক্রোক এলাকায় তাঁর কর্মী তপু সরকারসহ হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকটি বাড়িতে গিয়ে একইভাবে হুমকি দেওয়া হয়।
শাহাদাত আরও অভিযোগ করেন, গতকাল বেলা দুইটার দিকে ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে নৌকার সমর্থক অপর একটি দল ক্রোক এলাকায় গিয়ে তাঁর সমর্থকদের নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ায় জন্য শাসিয়ে যান। ক্রোক এলাকার বাসিন্দা হেলেনা বেগম বলেন, বেলা দুইটার দিকে ১০-১৫টি মোটরসাইকেলে করে একদল অজ্ঞাত যুবক এসে কয়েকটি বাড়িতে ঢুকে শাহাদাতের পক্ষে ক্রোক এলাকায় উঠান বৈঠকে না যাওয়ার জন্য বলে যান এবং গেলে সেখানে হামলা চালানো হবে বলেও শাসিয়ে যান।
অভিযোগ প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতি সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও জনস্রোত দেখে বিচলিত হয়ে পড়েছে তারা। এখন আমার সমর্থক ও সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিয়ে জনগণের রায় কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি আমাকে মাঠে নামতে দেওয়া হবে না এমন হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু এতে আমি বিচলিত নই। জনগণ চেয়েছে বলে আমি প্রার্থী হতে বাধ্য হয়েছি। তাই সাধারণ মানুষের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত।’ তিনি বলেন, এসব ঘটনা জানিয়ে লিখিতভাবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। যেহেতু উনি (শাহাদাত) নির্বাচনের আগে থেকেই অপপ্রচার শুরু করেছেন এটাই তাঁর চালান (সম্বল)।’