সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের গণসংবর্ধনায় যোগ দিতে আসা ব্যক্তিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ও চরমাদ্রাজ ইউনিয়নের দুটি ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের নিজ নিজ পক্ষে বেশি সমর্থক জড়ো করা নিয়ে বিরোধের জের ধরে একাধিক স্থানে সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল চরফ্যাশন উপজেলার পূর্বাঞ্চলের জনগণের পক্ষ থেকে পৌরসভার এতিমখানা মাঠে সাংসদ জ্যাকবকে গণসংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীদের নেতৃত্বে হাজার হাজার সমর্থক মিছিল করে। তারা সংবর্ধনাস্থলে আসার পথে নিজ নিজ মিছিলে লোক বেশি দেখানোর জন্য কর্মীদের টানাটানি করে। এ নিয়ে সংঘর্ষ হয়। চরমাদ্রাজ ইউনিয়নের হামিদপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী লুৎফর রহমানের নেতৃত্বাধীন মিছিলটি মাঝিরহাট এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ জাকির হোসেনের সমর্থকেরা হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২০ জন আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক রাতে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।