সমর্থন দিয়ে খালেদা জামায়াতের আমির বনে গেলেন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে। জামায়াতের ছাত্রসংগঠন এর বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করছে। আর তাদের সমর্থন দিচ্ছেন বিএনপির নেত্রী। এই আন্দোলনে সমর্থন দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া তাদের আমির বনে গেলেন।’আজ রোববার দুপুরে রাজধানীর কমলাপুরে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আবুল মাল আবদুল মুহিত বলেন, বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার অনেক লোক আছেন। তাঁদের উচিত এখনই রুখে দাঁড়ানো। নইলে আগামী নির্বাচনে তাঁদের ভরাডুবি নিশ্চিত হবে।শাহবাগের গণজাগরণ মঞ্চ ও মতিঝিলে হেফাজতের সমাবেশের পার্থক্যের কথা উল্লেখ করে সিলেট থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, শাহবাগের আন্দোলনকারীরা অহিংস, পরিশীলিত ও সুশৃঙ্খল। আর হেফাজতের আন্দোলন সহিংস, বিশৃঙ্খল। তিনি বলেন, ‘প্রতিবাদ যদি শান্তিপূর্ণ হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাদের আন্দোলন সহিংস হলে অবশ্যই প্রতিরোধ গড়ে তোলা হবে।’
যুবলীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘লোভ সংবরণ করতে পারলে সেই প্রচেষ্টা জনসেবায় রূপান্তরিত হবে। সন্ত্রাসী পথ পরিহার করতে হবে। কারণ, কোনো সন্ত্রাসী পথ দিয়ে কখনো শান্তি আসে না। সন্ত্রাস কেবল সন্ত্রাস বাড়ায়।’
বাংলাদেশ সব ধর্মের লোকের নিরাপদ বাসস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলাম এখন বরবাদে ইসলাম হয়েছে। তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে। এ দেশ থেকে আপনাদের যন্ত্রপাতি নিয়ে গুটিয়ে যান। এ দেশের মানুষ আপনাদের সহ্য করবে না।’
মতিঝিল থেকে হেফাজতকে হটিয়ে দেওয়ার বিষয়ে বিরোধী দলের আন্তর্জাতিক তদন্ত দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন সুস্পষ্ট মতামত দিয়েছে। সব গণমাধ্যমে সঠিক তথ্য এসেছে। সুতরাং, সেখানে কেন আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করতে হবে?’
খালেদা জিয়ার আলটিমেটামের বিষয়ে তিনি বলেন, ‘কত আলটিমেটাম পেরিয়ে গেল! আপনি ইতিমধ্যে ৪৮ ঘণ্টার আলটিমেটামের জবাব পেয়েছেন। সুতরাং, আর নৈরাজ্য সৃষ্টি না করে আলোচনায় আসুন।’
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।