নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। প্রার্থীরাও ক্লান্তিহীনভাবে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি রাখছেন সতর্ক দৃষ্টি। প্রতিদ্বন্দ্বীরা ভোটারদের সমর্থন যাতে ভাগিয়ে নিতে না পারেন, সে জন্য প্রার্থীর পক্ষ থেকে মহল্লার মোড়ে মোড়ে নিয়োগ করা হয়েছে ‘ভোট পাহারাদার’। এমন চিত্র নাটোরের গুরুদাসপুর পৌরসভার সর্বত্রই লক্ষণীয়।
গুরুদাসপুর পৌরসভায় এবার প্রতিযোগিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী, বিএনপি-সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন ও ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সুলতান আহম্মেদ। এ ছাড়া কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে রয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে মহল্লার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে এসব প্রার্থীর নির্বাচনী অফিস। চলছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কর্মী-সমর্থদের আড্ডা। পাশাপাশি চলছে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা। ক্লান্তি নিরসনে রয়েছে ধোঁয়া ওঠা চা, মুড়ি-চানাচুর আর গভীর রাতে খিচুড়িভোজের আয়োজন।
ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কমপক্ষে ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডে গঠিত হয়েছে কমিটি। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে কর্মী-সমর্থকদের নির্বাচনী আড্ডা। মাঝে মাঝে প্রার্থীর কর্মী-সমর্থকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। প্রচারণা শেষে নির্বাচনী অফিসে ভূরিভোজসহ আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন।
আবার ওই নির্বাচনী অফিস থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পর্যবেক্ষণ করা হয়। আবার নিয়োগ করা হয়েছে ভোট পাহারাদার। কোনো প্রার্থী বা তাঁদের সমর্থকেরা কখন কোনো এলাকায় ঢুকছেন তা অফিসকে জানাচ্ছেন সেই সব পাহারাদার।
আর এ কাজের জন্য মানভেদে ১০০ থেকে ৩০০ টাকার সার্ভিস চার্জ দেওয়া হয়। তাঁদের উজ্জীবিত করতে মাঝেমধ্যে খিচুড়িভোজের আয়োজন তো থাকছেই।
মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলীর নির্বাচন পরিচালনা করছেন এমন ছয়জন জানান, পৌর এলাকায় তাঁদের অন্ততপক্ষে ৫০টি নির্বাচনী অফিস রয়েছে। তার মধ্যে চাঁচকৈড় পুরানপাড়া, খলিফাপাড়া ও আনন্দনগর মহল্লায় অফিসের সংখ্যা বেশি। প্রতি রাতে অফিসপ্রতি তিন-চার হাজার টাকা খরচ হয়।
এ ব্যাপারে শাহনেওয়াজ আলী বলেন, ভোটের মাঠে কমবেশি সবারই চাহিদা রয়েছে। তবে তাঁর কর্মী-সমর্থকেরাই বেশির ভাগ অফিস পরিচালনা করছেন। তবে আচরণবিধি উপেক্ষা করে নয়।
বিএনপির মেয়র প্রার্থী মশিউর রহমান বলেন, ‘সরকারি দলের চাপে আমরা কোণঠাসা। কোনো নির্বাচনী অফিসই খুলতে পারছি না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম বলেন, আচরণবিধি ভঙ্গের বিষয়ে তাঁর দপ্তরে কোনো অভিযোগ আসেনি।