সমর্থন সূচকে গরমিল থাকায় তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থন সূচকে মৃত ব্যক্তির নাম থাকা ও সমর্থকের স্বাক্ষরে মিল না থাকায় তিন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। গতকাল রোববার যাচাই-বাছাইয়ের শেষ দিনে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি (স্বতন্ত্র) আবদুল গফুর সরকার, উপজেলা জাতীয় পার্টির সদস্য (স্বতন্ত্র) জাকির হোসেন তালুকদার ও জামায়াতে ইসলামীর পৌর আমির (স্বতন্ত্র) আবদুল মুনতাকিমের প্রার্থিতা বাতিল হয়। এ ছাড়া সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর ও সাধারণ আসনের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
সৈয়দপুর উপজেলা সম্মেলনকক্ষে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই চলে। গত শনিবার ছিল শুধু সাধারণ কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাইয়ের দিন। ওই দিন সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৭৭ জন কাউন্সিলর প্রার্থীর কাগজপত্র যাচাই করা হয়। এতে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন ও তাঁর নাম প্রস্তাবকারী সমর্থক কেউ উপস্থিত না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৭৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শেষ দিনে মেয়র ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীর কাগজপত্র যাচাই করা হয়েছে। মেয়র পদে সাত ও সংরক্ষিত আসনের বিপরীতে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, স্বতন্ত্র পদপ্রার্থীদের প্রত্যেকের কাছে ১০০ জনের সমর্থন সূচক চাওয়া হয়। স্বতন্ত্র মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার তাঁর সূচকে মৃত ব্যক্তির নাম সংযোজন করেছেন। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল গফুর সরকার ও আবদুল মুনতাকিমের সূচকে প্রার্থীদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ে। এসব যাচাই শেষে ওই তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
এ ছাড়া মেয়র প্রার্থীদের পাশাপাশি গতকাল সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পাঁচটি আসনের প্রার্থীদের কাগজপত্র যাচাই করে দেখা হয়। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুন্নী বেগমের টিন সার্টিফিকেট না থাকায় এবং ৭, ৮ ও ৯ নম্বর আসনের ইয়াসমিন পারভীনের জন্ম তারিখে ভুল থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।