সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর যাচাই
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ও পরিচয় সঠিক কি না, তা সরেজমিন তদন্ত করে দেখছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ওই পৌরসভায় মেয়র পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক পৌর এলাকার ১০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ তিনি গত বুধবার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা গতকাল শনিবার ও আজ রোববার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করবেন। এর আগে বিধি মোতাবেক ওই প্রার্থীর জমা দেওয়া ভোটারদের স্বাক্ষর গতকাল শনিবার যাচাই-বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ওই প্রার্থীর জমা দেওয়া ১০০ ভোটারের মধ্যে পাঁচজনের বিষয়ে তদন্ত করে দেখার নির্দেশ পাওয়া গেছে। সে পাঁচজন ভোটারকে খুঁজে বের করে তাঁদের স্বাক্ষর ও পরিচয় সঠিক কি না, তা দেখা হচ্ছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ভোটারের পরিচয় তদন্তের নামে কোনো ষড়যন্ত্র করা হলে ভোটাররাই তা প্রতিহত করবেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের এ নিয়ম নির্যাতনমূলক।