সমর্থনকারীর সই ‘জাল’ ও ‘জোর’ করে নেওয়ার কারণে চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে বিএনপি ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে। আপিলে তাঁরা দুজন প্রার্থিতা ফিরে না পেলে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন।
২৮ মে পঞ্চম ধাপে পটিয়ার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, সমর্থনকারী হিসেবে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আকতার মনোনয়নপত্রে যে ব্যক্তির (মুজিবুল হক) সই জমা দিয়েছেন, তা জাল বলে ওই ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তিনি (মুজিবুল হক) গত বুধবার পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ কারণে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ইসলামী ফ্রন্টের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্রে তথ্যগত অনেক ভুল রয়েছে। এ ছাড়া তাঁর মনোনয়নপত্রে সমর্থনকারীর সই জোর করে নেওয়া হয়েছে বলে তিনি (সমর্থনকারী) লিখিত অভিযোগ করেছেন। এ জন্য তাঁর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
তবে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আকতার অভিযোগ করেন, তাঁর সমর্থনকারীকে ভয়ভীতি দেখিয়ে এ কাজ করা হয়েছে।
এ বিষয়ে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আমি নিজে দক্ষিণ ভূর্ষি ইউপির দলের চেয়ারম্যান পদপ্রার্থীর প্রস্তাবকারী। যাচাই-বাছাইয়ের সময় যুবলীগের নেতা-কর্মীরা আমাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করতে দেয়নি। ভয়ে প্রার্থী নিজেও রিটার্নিং কর্মকর্তার কক্ষে যাননি। সমর্থনকারীকে খুঁজে পাচ্ছি না। মুঠোফোনে কল করলেও ধরছেন না।’ তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগের দিন রাতে বিএনপির প্রার্থী ও সমর্থনকারীর বাড়িতে পুলিশ যায়।
অন্যদিকে দলের প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ার ঘটনাকে সরকারি দলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি সৈয়দ ইয়ার মোহাম্মদ।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার বলেন, ‘আমাদের দলের কোনো নেতা-কর্মী অন্য দলের প্রার্থীর প্রস্তাবকারী বা সমর্থনকারীকে ভয়-ভীতি দেখিয়েছেন, এমনটি আমার জানা নেই। কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটালে এর বিরুদ্ধে তাঁরা আইনগত ব্যবস্থা নিতে পারেন। আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক।’