
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থন চেয়ে তাঁকে টেলিফোন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান৷ এর বিনিময়ে আইভীর নিকটাত্মীয় ও সমর্থকদের বিরুদ্ধে করা ক্যাঙ্গারু পারভেজকে অপহরণ ও গুম করার মামলা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন তিনি৷
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেলিম ওসমান নিজের মুঠোফোন থেকে আইভীকে ফোন করে এ প্রস্তাব দেন৷
জানতে চাইলে মেয়র আইভী এর সত্যতা স্বীকার করেছেন৷ তবে সেলিম ওসমান প্রথম আলোর কাছে আইভীকে ফোন করার কথা স্বীকার করলেও কী বিষয়ে কথা হয়েছে, বলতে রাজি হননি৷ তিনি বলেন, ‘কী বলেছি তা আইভীর কাছ থেকে জেনে নিয়েন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে তাঁকে সেলিম ওসমান ফোন করে নির্বাচনে সমর্থন চান। তিনি বলেন, ‘সেলিম ওসমান আমাকে বলেন যে “তুমি যদি একটু চুপচাপ আর শান্ত থাকো, তাহলে যে মামলাটি হয়েছে তা প্রত্যাহারের ব্যবস্থা আমি করব৷” আমি শামীমকেও বলেছি তোমার বিরুদ্ধে আর কিছু না বলার জন্য৷’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজ গত বছরের ৬ জুলাই ঢাকায় অপহৃত হন৷ তখন ক্যাঙ্গারু পারভেজ ঢাকার গুলশানের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে স্ত্রী সোহানাকে নিয়ে ফিরছিলেন৷ এ ঘটনায় তাঁর স্ত্রী সোহানা গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি অভিযোগ করেন, ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত পরিচয়ের লোকজন তাঁর স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে।
এ ঘটনার তিন মাস পরে সোহানা বাদী হয়ে গুলশান থানায় অপহরণ ও হত্যার উদ্দেশ্যে গুমের অভিযোগে মামলা করেন। মামলায় আসামি করা হয় মেয়র আইভীর ছোট ভাই ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী রেজা (উজ্জ্বল), ভাগনে মিনহাজুল কাদির (মিমন), মামাতো ভাই রেজাউল ইসলাম (রনি), বাবরাক কারমাল (জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকউদ্দিন আহম্মেদের ছেলে), যুবলীগের নেতা আবু সুফিয়ানসহ আরও কয়েকজনকে।
শামীম ওসমান ও নাসিম ওসমান গত ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার পরে মামলাটি তদন্তকারী ঢাকা ডিবি পুলিশ আইভীর ভাইসহ কয়েকজন আসািমকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়৷ কিন্তু জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পায়নি। দীর্ঘদিন কারাভোগের পরে জামিনে মুক্তি পাওয়া মেয়র আইভীর ছোট ভাই আহম্মেদ আলী রেজা গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর কানে অস্ত্রোপচার করা হয়েছে।
শুধু তাই নয়, তখন শামীম ওসমান ও তাঁর অনুগত আওয়ামী লীগের নেতা-কর্মীরা একাধিক সভা-সমাবেশে মেয়র আইভীকেও এ মামলায় রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছিলেন।
এখন উপনির্বাচনের ৈবতরণি পার হতে আইভীর সমর্থন জরুরি হয়ে পড়েছে৷ তাই আইভীর সমর্থন আদায় করতে ক্যাঙ্গারু পারভেজের মামলাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ওসমান পরিবার৷
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের নেতা শামসুজ্জামান ভাসানীর মায়ের কুলখানিতে শামীম ওসমান আমাকে প্রস্তাব দিয়েছিল আইভী যদি ত্বকী হত্যা নিয়ে কথা বলা বন্ধ করে, তাহলে তার ভাই-ভাগনেসহ সমর্থকদের বিরুদ্ধে করা ক্যাঙ্গারু পারভেজ অপহরণ মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এখন নির্বাচন সামনে রেখে সেলিম ওসমানও একই প্রস্তাব দিলেন সরাসরি আইভীকে৷ এতে প্রমাণিত হয়, হয়রানি করতেই আইভীর ভাই-ভাগনে ও সমর্থকদের মামলাটি করেছিল ওসমান পরিবার৷’
মেয়র আইভী প্রথম আলোকে বলেন, টেলিফোনে সেলিম ওসমানের এ প্রস্তাব তিনি শুনে কোনো মন্তব্য করেননি। আইভী এ-ও বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। কোনো অপশক্তিই আমার কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। নারায়ণগঞ্জের মানুষকে গডফাদার, দানবদের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে সোচ্চার হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’