নরসিংদী পৌর উপনির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৫ জানুয়ারি। এরপর শুরু হবে প্রার্থীদের গণসংযোগ। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ কোন প্রার্থীকে সমর্থন দিচ্ছে, তা গতকাল শুক্রবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।আওয়ামী লীগ সূত্র জানায়, মেয়র পদে দল-সমর্থিত প্রার্থী ঠিক করতে এ-সংক্রান্ত মনোনয়ন কমিটি গত সোমবার রাতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে। ওই সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের গুলিতে নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামানকে সমর্থন দেওয়ার কথা জানান।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত মনোনয়ন কমিটির সদস্য ও আওয়ামী লীগের নেতারা গত মঙ্গলবার জানিয়েছিলেন, পরদিন বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল-সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বুধবার জানানো হয়, বৃহস্পতিবার। বৃহস্পতিবার জানানো হয়, মঙ্গলবার ৩ জানুয়ারি বেলা তিনটার দিকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এ ব্যাপারে মনোনয়ন কমিটির সদস্যসচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘আমরা চাই সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে। কিন্তু আজকে (বৃহস্পতিবার) দলের জ্যেষ্ঠ নেতাসহ সাংসদেরাও অনুপস্থিত। তাই আগামী মঙ্গলবার বিকেলে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’আমজাদের আপিলের ব্যাপারে শুনানি কাল: এদিকে শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি কাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে শহর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের আপিলের শুনানি হবে ৩ জানুয়ারি বেলা ১১টার দিকে। গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বাক্ষরজনিত জটিলতায় মোন্তাজ, ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় হাবিবুর রহমান ও ঋণখেলাপির দায়ে আমজাদের মনোনয়নপত্র বাতিল করে জেলা নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের ওই তিন নেতা জেলা প্রশাসকের কাছে আপিল করেন।