সমশের মবিনের গাড়িতে বিএনপি কর্মীর লাথি

সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া বিএনপির সাবেক নেতা সমশের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দিয়েছেন বিএনপির এক সমর্থক। গতকাল বুধবার সমশের সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এ সময় সমশের তাঁর গাড়িতে বসা ছিলেন।
বিকাল সোয়া চারটার দিকে সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে নিজের গাড়িতে ওঠেন। এ সময় তাঁকে দেখে বিএনপির কর্মীরা ‘মিরজাফর’ ও ‘ছি ছি’ স্লোগান তোলেন। এ সময় বিএনপির কর্মীরা তাঁর বিরুদ্ধে বিষোদগারের পাশাপাশি বিক্ষোভও করেন। আচমকা বিএনপির এক কর্মী সমশেরের গাড়িতে লাথিও দেন। পরে আশপাশের কয়েকজন কর্মী তাঁদের নিবৃত্ত করেন।
সমশের মবিন চৌধুরী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে তিনি দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিলেন। তবে ২০১৫ সালের ২৯ অক্টোবর তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ ও রাজনীতি থেকেও অবসর নেন। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দেন। এখন তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে বিকল্পধারা থেকে সিলেট-৬ আসনে নির্বাচন করবেন বলে প্রচারণা রয়েছে।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র জমা দিয়ে এক প্রার্থী বেরিয়ে যাওয়ার পর বাইরে কিছুটা হট্টগোল হয়েছিল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই প্রার্থী চলে যান এবং পরিস্থিতিও শান্ত হয়ে যায়।
এর আগে মনোনয়নপত্র জমা দিয়ে সমশের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি আশাবাদী এই আসনে মহাজোট আমাকেই মনোনয়ন দেবে। আশা করছি, শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিকল্পধারাকে এ আসনটি ছেড়ে দেবে।’
সিলেট-৬ আসনের বর্তমান সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারও আওয়ামী লীগ তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছে।