সমসাময়িক নানা বিষয়ে পাঠকের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পাঠক উৎসব: এসো আঠারোয়’-এর প্রশ্নোত্তর পর্বে প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রশ্ন করেন এক পাঠক l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পাঠক উৎসব: এসো আঠারোয়’-এর প্রশ্নোত্তর পর্বে প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রশ্ন করেন এক পাঠক l ছবি: প্রথম আলো

আয়োজনটা ছিল শুধুই পাঠকদের জন্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৫৫ লাখ পাঠকই যে প্রথম আলোর শক্তি, তা প্রতিফলিত হলো তাঁদের প্রতিটি প্রশ্ন, আলোচনা, সমালোচনা ও পরামর্শে। এর ভেতর দিয়েই উঠে এল পাঠকের সঙ্গে প্রথম আলোর সম্পর্ক এবং আস্থার গভীরতম জায়গাগুলো।
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত পাঠক উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই প্রশ্নোত্তর পর্ব। উৎসাহী পাঠকদের মুখোমুখি হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার বিভিন্ন বিভাগের প্রধানেরা। পাঠকেরা শিক্ষাব্যবস্থার অসংগতি নিয়ে যেমন নিজেদের উদ্বেগের কথা বলেছেন, তেমনি প্রশ্ন রেখেছেন প্রথম আলোর ভূমিকা, খেলাধুলা, বেকারত্ব, যুক্তরাষ্ট্রের নির্বাচন, জঙ্গিবাদসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে।
শুরুতেই সম্পাদক মতিউর রহমান উপস্থিত প্রথম আলোর পাঠক ও সুহৃদদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নির্বাচনের কারণ তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা আমাদের সকল প্রচারণায় বলেছি, এ দেশের বুকে ১৮ নেমে আসুক। আমরা চাই, এ দেশে আপনারা ও আমরা সবাই মিলে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা আরও এগিয়ে নিতে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সুশাসন, দুর্নীতি, সন্ত্রাসসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখব।’
মতিউর রহমান বলেন, ‘আপনারা আমাদের প্রশ্ন করবেন, প্রশংসা করবেন না।’
এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা বলেন, নকশায় বিভিন্ন পোশাক, লাইফস্টাইল ও অন্য বিষয়গুলো পরিবেশন করা হয় বিভিন্ন মডেলের সঙ্গে। মাঝে মাঝে কেন জানি মনে হয়, এগুলো মানাচ্ছে না।
জবাবে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘নকশা দেশীয় জিনিস এগিয়ে নিতে চায়। ধরুন, একটা জামদানি। জামদানি শাড়িটা তো পরবেন। আবার এই জামদানিই যদি বিদেশির পরার উপযোগী করে তৈরি করা হয়, সেটা বিদেশিরাই পরবে। আমি বা আপনি পরব না। কিন্তু সেটা আমাদেরই জামদানি।’
তিতুমীর কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ ফল ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারির জয়োৎসব নিয়ে খবরের সমালোচনা করেন। উত্তরে পরামর্শক সম্পাদক কামাল আহমেদ বলেন, ওই খবর বাংলাদেশে প্রকাশিত হওয়ার সময় ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়নি। তখনো প্রস্তুতি ছিল যে হিলারি শিবিরে বিজয় উদ্যাপন হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। এখানে পাঠককে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য ছিল না।
গ্রামে গ্রামে গ্রন্থাগার স্থাপনের বিষয়ে প্রথম আলোর উদ্যোগ আছে কি না, পাঠক ফারুক আহমেদের প্রশ্নের জবাবে সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রত্যন্ত গ্রামে তরুণদের সংগঠিত করে লাইব্রেরি স্থাপন করা হলে আমরা বই দেব।’
পাঠক উৎসব সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুকে। সেখানে কয়েকজন প্রথম আলোর দাম কমানো যায় কি না, জানতে চান। জবাবে মতিউর রহমান বলেন, ‘একটা প্রথম আলো তৈরি করতে খরচ পড়ে ১৬ টাকা। ১০ টাকায় বিক্রি করে আমরা পাই সাড়ে ৫ টাকা। তাই পত্রিকার দাম কমানো সম্ভব কি না, এটা একটা বিরাট প্রশ্ন।’
পাঠক মো. ওয়ালী উল্লাহ বলেন, হলি আর্টিজানে হামলায় ২০ জন মারা গেছেন। দুজন পুলিশও মারা গেছেন। এরপরে সম্পাদকীয় কলামে দেখলাম, আনিসুল হকের লেখা ‘ফারাজই বাংলাদেশ’। দুজন পুলিশকে নিয়ে কেন লেখা হলো না?’
উত্তরে আনিসুল হক বলেন, ‘আমরা তাঁদের নিয়ে অনেক স্টোরি করেছি। মানিকগঞ্জের যে পুলিশ ভাইটি মারা গেছেন, তিনি প্রতিবন্ধীদের একটা স্কুল চালাতেন এবং তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। স্কুলটি নিয়ে আমরা ছুটির দিনে কভারস্টোরি করেছি। ওনার সন্তান জন্ম হওয়ার খবর যত্নের সঙ্গে প্রকাশ করেছি। তাই শুধু ফারাজকে নিয়ে লিখেছি—এটা বললে একটা নিষ্ঠুর প্রশ্ন হবে। অবন্তী, ইশরাত, তারিশিসহ বাকি যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের কাহিনি খুব যত্ন করে প্রথম আলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা সুন্দর করে ছেপেছি।’
একজন পাঠক প্রশ্ন করেন, আপনাদের পত্রিকা পড়লে একবার মনে হয় আওয়ামী লীগ সমর্থন করেন, আরেকবার মনে হয় বিএনপি সমর্থন করেন। আপনারা আসলে কী? জবাবে প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, পাঠকই এ বিষয়টি নির্ধারণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ খেলাধুলার খবরে দেশি ও বিদেশি খেলোয়াড় ও ক্লাবের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। জবাবে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘বিভিন্ন খেলায় প্রায় সমানসংখ্যক সমর্থক থাকে। আমাদের পছন্দের কারণে অর্ধেক সমর্থককে কেন বিরক্ত করব?’
পাঠক শৈলী ও স্বর্ণা সৃজনশীল প্রশ্নপদ্ধতির বিভিন্ন সমস্যা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার অসংগতি নিয়ে প্রশ্ন করেন। জবাবে বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান বলেন, ওই দুটি পরীক্ষা এবং সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর শুরু থেকেই প্রথম আলো এর নানা অসংগতি তুলে ধরছে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী অনলাইনে খবর দ্রুততার সঙ্গে এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে প্রকাশ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রশ্নোত্তর পর্বে আরও অংশ নেন বাণিজ্য সম্পাদক শওকত হোসেন, সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া ও বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।