সিলেট সরকারি কলেজে সমস্যার শেষ নেই। শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট এবং কোনো আবাসনসুবিধা না থাকায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজটির পুরাতন ভবনের তিনটি ব্লকের প্রায় ৮০ ভাগ কক্ষই ব্যবহারের অনুপযোগী। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ছাত্রাবাস চালু না থাকায় শিক্ষার্থীদের প্রচুর টাকা ব্যয় করে ব্যক্তিমালিকানার ছাত্রাবাসে থেকে পড়াশোনা চালাতে হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে ১৭ দশমিক পাঁচ একর জায়গার ওপর সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। এ সময় একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। এ ভবনের তিনটি ব্লকে পৃথকভাবে প্রশাসনিক, বিজ্ঞানাগার ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৮৭ সালে এটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়। কিন্তু সেই অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন করা হয়নি। ২০০৩ সালে তিনতলা একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিন হাজার ৪৫০ জন শিক্ষার্থী আছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলেজ প্রতিষ্ঠার সময় নির্মিত দোতলা ভবনটির বেশির ভাগ কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ছে এবং দরজা-জানালা ভাঙা অবস্থায় রয়েছে। দেয়াল, ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং ইট-সুরকি উঠে গেছে। পাঠদান চলাকালে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বাথরুমগুলোতে ছিটকিনি না থাকায় বিশেষ করে ছাত্রীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।’
কলেজের প্রশাসনিক শাখা জানিয়েছে, ২০০৮ সালে এক কোটি চার লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজে একটি চারতলা ভবনের ছাত্রীনিবাস নির্মাণ করে দেয়। তবে গ্যাসসংযোগ না দেওয়া এবং প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ না দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ ছাত্রীনিবাসটি চালু করতে পারেনি। এ ছাড়া তত্ত্বাবধায়কের কোনো বাসভবন নির্মাণ করা হয়নি। একই সূত্র জানায়, ছাত্রদের জন্য ১০০ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস ছিল। ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা হোস্টেলের ছাত্রাবাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এরপর ছাত্রাবাসটি সংস্কার না হওয়ায় আবাসনসুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া ২০০৪ সাল থেকে অধ্যক্ষের বাসভবন পরিত্যক্ত অবস্থায় থাকলেও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আলম বলেন, কলেজের পুরোনো ভবনের ৮০ শতাংশ কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভয়াবহ দুর্ঘটনার আগেই নতুন ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জানান, অবকাঠামো সমস্যার পাশাপাশি শিক্ষক সংকটে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রসায়ন, পদার্থ, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগে কোনো প্রদর্শক কর্মরত না থাকায় ব্যবহারিক ক্লাস হচ্ছে না বললেই চলে। অধ্যক্ষের কার্যালয় সূত্র জানিয়েছে, কলেজটিতে দুজন সহকারী অধ্যাপক; চারজন করে প্রভাষক, প্রদর্শক শিক্ষক ও দক্ষ বেয়ারার; একজন করে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, প্রধান সহকারী-কাম হিসাবরক্ষক, হিসাব সহকারী, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকার, সুইপার এবং ছয়জন এমএলএসএসের পদ শূন্য।
অধ্যক্ষ আশফাক আহমদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে কলেজের নানামুখী সমস্যার কথা একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এসব সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে সমস্যাগুলো থেকেই গেছে।’