সমস্যা আছে, কিন্তু দাবি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোধাপাড়া। এ এলাকার মানুষের পানি, বিদ্যুৎসহ সমস্যার শেষ নেই। কিন্তু অনেক ভোটার বলছেন, মেয়র প্রার্থীদের কাছে তাঁরা এবার কোনো দাবি জানাবেন না। কারণ, এত দিন নির্বাচনের সময় আশ্বাস ছাড়া আর কিছুই পাননি তাঁরা।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রান্তসীমায় অবস্থিত গোধাপাড়ার ৪০ পরিবারের মাথার ওপর দিয়ে বিদ্যুৎ গেলেও তারা অন্ধকারে। পানি সরবরাহ-ব্যবস্থা নেই। ছোট ছোট ঝুপড়ির মতো যে মাচান ঘরে থাকে, সেই জায়গাটিও তাদের না। বাসিন্দারা বেশির ভাগই দিনমজুর, জ্বালানি কাঠ ও বনের সবজি বিক্রেতা।
পাড়ার প্রবীণ শৈয়েমং মারমা বলেন, ‘যাকে ভোট দিই, একই অবস্থা। এ জন্য কাকে ভোট দেব বা আসলেই ভোট দেব কি না, এখনো বুঝে উঠতে পারিনি।’
বান্দরবান পৌরসভা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এখন তা প্রথম শ্রেণির। এখানে ভোটারের সংখ্যা প্রায় ২৬ হাজার। এবারের নির্বাচনে আওয়ামী লীগের ইসলাম বেবী, বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী জাবেদ রেজা ও জাতীয় পার্টির (এরশাদ) মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নয়ন ও সেবা নিয়ে পৌরবাসীর কমবেশি অসন্তুষ্টি আছে। তবে ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গিপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের ক্যচিংপাড়াসহ বেশ কয়েকটি এলাকার ভোটাররা জানান, তাঁদের এলাকা একেবারেই উন্নয়নের আওতার বাইরে রয়ে গেছে।
৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী অপু বড়ুয়া বলেন, যোগ্য ব্যক্তির নেতৃত্ব না হলে উন্নয়ন সম্ভব নয়। তিনজন মেয়র প্রার্থীই আগে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাঁদের উন্নয়নকাজে কোনো ধারাবাহিকতা ছিল না।
ফরেস্টার অফিস এলাকার গৃহিণী হোসনে আরা বেগম বলেন, আপদে-বিপদে সব সময় যাঁকে পাওয়া যাবে, তাঁকেই তিনি ভোট দেবেন।
বালাঘাটা ২ নম্বর ওয়ার্ডের চাকরিজীবী মোহাম্মদ সোহাগ বলেন, ভোটাররা এখন বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বোঝেন না। তাঁরা বান্দরবানের উন্নয়ন চান। কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী জানান, যাকে দিয়ে উন্নয়ন হবে, তাকেই ভোটাররা ভোট দেবেন।
কালাঘাটার উন্নয়নকর্মী প্রদীপ ত্রিপুরা বলেছেন, সমগ্র পৌর শহরের অবস্থাও এখন ধীরে ধীরে গোধাপাড়ার মতো হয়ে যাচ্ছে। এ রকম অবস্থার পরিবর্তন হওয়া দরকার।
আওয়ামী লীগের প্রার্থী ইসলাম বেবী বলেন, নির্বাচিত হলে তিনি শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে ব্যবস্থা নেবেন।
বিএনপির মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র জাবেদ রেজা বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার আগে পৌরসভার অবস্থা নাজুক ছিল। স্বল্প সময়ে সব কাজ করা সম্ভব হয়নি। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তিনি ভোটারদের আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।