সমস্যা ও সম্ভাবনায় মানিয়ে নেওয়ার সূচকে বাংলাদেশ ৮৬তম
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ ও সম্ভাবনার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতির দিক থেকে ১২৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৬তম।
পরিবর্তন প্রস্তুতি সূচক (সিআরআই)-২০১৫ নামের সূচকটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এটি প্রস্তুত করেছে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কেপিএমজি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। এ ধরনের সূচক বিশ্বে কেবল এই প্রতিষ্ঠানটিই তৈরি করে।
অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রাকৃতিক কোনো দুর্যোগ বা বিশৃঙ্খলা হানা দিলে তা মোকাবিলায় দেশগুলোর প্রস্তুতি কতটা আছে এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত সমস্যা ও সম্ভাবনা কাজে লাগাতে দেশগুলোর প্রস্তুতি পর্যালোচনা করে এই সূচক তৈরি করা হয়।
সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে ছোট্ট দেশ সিঙ্গাপুর। আর একেবারে তলানিতে অবস্থান চাদের।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা (৬২), ভারত (৬৭) ও ভুটান (৭৬)।