সমস্যা জর্জরিত সরকারি বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়
নানা সমস্যায় জর্জরিত সিলেট বিভাগের একমাত্র সরকারি বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়টি। প্রয়োজনীয় শিক্ষক, কর্মচারীসহ লোকবলের সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় সারাক্ষণ শিক্ষার্থীদের আতঙ্কে বসবাস করতে হচ্ছে।
বিদ্যালয়টির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর এক একর ৮০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় সরকারি বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৮৭ জন প্রতিবন্ধী ছাত্র সরকারি খরচে পড়াশোনা করছে। এসব ছাত্র সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষর্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির দুটি ছাত্রাবাসে ৬৮ জন ছাত্র বসবাস করছে। ছাত্রাবাস দুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। এ ছাড়া ছাত্রাবাসে খাবারঘর, রান্নাঘর ও বিনোদনকক্ষ না থাকায় শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। কোনো নৈশপ্রহরী না থাকায় শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যালয়টির রাজস্ব শাখার অনুমোদিত ১২টি পদের মধ্যে আটটিই শূন্য এবং উন্নয়ন খাতের অনুমোদিত ১১টি পদের ছয়টিই খালি। শূন্য পদগুলোর মধ্যে হাউস প্যারেন্ট দুটি, ক্রাফট টিচার একটি, অফিস সহকারী একটি, মেইন হেলপার একটি, বাবুর্চি একটি, নৈশপ্রহরী একটি, ঝাড়ুদার একটি এবং উন্নয়ন খাতে শিক্ষক দুটি, সহকারী শিক্ষক দুটি, সেবিকার পদ দুটি। এ ছাড়া একজন শরীরচর্চা শিক্ষক থাকলেও তিনি প্রেষণে রাজশাহীর পিএইচটি সেন্টারে কর্মরত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয় ও কার্যালয়ের কক্ষের অধিকাংশ চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙা থাকায় শিক্ষা কার্যাক্রমে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের ভেতরে কোনো নর্দমাব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টিতে শিক্ষক ও কর্মচারীর সংকটে পাঠদানে বিঘ্ন ঘটছে। বিভিন্ন সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, উন্নয়ন খাতে নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে পদায়নের বিষয়টি দ্রুতই সম্পন্ন হওয়ার প্রক্রিয়া চলছে। এতে করে লোকবলের সংকট দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।