পরীক্ষাযুদ্ধের ফল বের হয়েছে, এবার শুরু হবে উচ্চশিক্ষার জন্য ভর্তিযুদ্ধ। ভালো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও আসন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় কম হওয়ায় ভর্তির জন্য এবারও তীব্র প্রতিযোগিতা করতে হবে শিক্ষার্থীদের।
শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কোচিংনির্ভর, ব্যয়বহুল ও শিক্ষার্থীদের জন্য দুর্ভোগপূর্ণ। মেডিকেল কলেজে ভর্তির মতো বিশ্ববিদ্যালয়েও (সাধারণ, প্রকৌশল ও কৃষি) গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ ও ব্যয় অন্তত কমবে।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক বছর এ পদ্ধতির বিষয়ে উদ্যোগ নিলেও বড় বিশ্ববিদ্যালয়গুলোর অনীহার কারণে তা চালু হয়নি। ইতিমধ্যে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় আসন্ন শিক্ষাবর্ষের জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়ে ফেলায় এবারও ওই পদ্ধতি চালু করার সুযোগ থাকল না। অর্থাৎ সমস্যা জানা থাকলেও সমাধান হচ্ছে না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত বুধবার এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান ভর্তিব্যবস্থা ত্রুটিপূর্ণ। এটাকে সহজ করার জন্য আমরা চেষ্টা করছি। তবে বিশ্ববিদ্যালয়গুলো চলে নিজস্ব আইনে, তাই তাদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে চাই না।’
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতফুল হাই শিবলী হতাশা ব্যক্ত করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা তো আর গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চাপিয়ে দিতে পারি না। চেষ্টা করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো রাজি না হলে কী করব।’
গত বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট পাস করেছেন আট লাখ ৮৫ হাজার ৭০ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭০ হাজার ৬০২ জন, জিপিএ-৫-এর নিচ থেকে জিপিএ-৪ পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৪২৮ জন। তাঁদের সবার প্রধান লক্ষ্য সরকারি বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে), বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া। বিপরীতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সব মিলিয়ে আসন আছে প্রায় ৫০ হাজার। ফলে এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতা করতে হবে। ভালো ফল করেও অনেকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।
এ কারণে পরীক্ষায় ভালো ফল করেও ভর্তি নিয়ে চিন্তায় ও উদ্বেগে আছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এ চিন্তা ও উদ্বেগ প্রকাশ পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর মা হাফিজা কবিবের কণ্ঠে। বুধবার তিনি বলেন, ‘মেয়ে তো জিপিএ-৫ পেল, এবার ভর্তি হতে পারলেই হলো।’
ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীদের দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হবে। এতে একদিকে তাঁদের ভোগান্তি পোহাতে হবে, অন্যদিকে ব্যয় হবে অর্থ।
অবশ্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর সম্মান ও পাস কোর্স মিলিয়ে আসন আছে চার লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভালো কয়েকটি বাদে বাকিগুলোতে শিক্ষার্থী পেলেই ভর্তি করানো হয়। এ ছাড়া মাদ্রাসা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কারিগরি মিলিয়ে সার্বিকভাবে ভর্তির জন্য আসনের সমস্যা হবে না।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের স্বকীয়তার কথা বলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভিত্তিক ভর্তির বিরোধিতা করছে। তবে এ বিরোধিতার অন্যতম কারণ ভর্তি পরীক্ষার সময় আয়ের ভাগ থেকে শিক্ষকদের বঞ্চিত হওয়ার আশঙ্কা। নিয়মানুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন বাবদ যে টাকা আয় হয়, তার একটি বড় অংশ পরীক্ষার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা পান। গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা হলে একই আবেদনে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা করা সম্ভব। এতে আবেদন বাবদ আয় অনেক কমে যাবে। কমবে শিক্ষকদের পাওয়া টাকার পরিমাণও।
ইউজিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। ভর্তি পরীক্ষাগুলোর গুণগত মানও প্রশ্নবিদ্ধ। বর্তমান পদ্ধতিতে বেশির ভাগ শিক্ষার্থীকে ছয় থেকে ১০টি ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। আসন কম থাকায় শিক্ষার্থীদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে দৌড়াতে হয়। একই সময়ে ভর্তি পরীক্ষা হওয়ায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে না ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীরা ভর্তির প্রস্তুতির জন্য কোচিং সেন্টারের শরণাপন্ন হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়ছে। তাই ইউজিসি বিদ্যমান ভর্তিপদ্ধতি সংস্কারের সুপারিশ করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গত বছর মন্ত্রণালয়ে এক সভায় বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমন্বিত বা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। কিন্তু এবার এ নিয়ে আলোচনাই হয়নি।
নিয়মানুযায়ী ভর্তি পরীক্ষার সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পয়েন্ট যোগ হয়। এবার ঢাকা ও রাজশাহী বোর্ডে প্রশ্নপত্র ফাঁস হয়। যাঁরা পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়েছিলেন, তাঁরা ভালো নম্বর পেয়ে এ ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন।
যাচাই করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ: বর্তমানে দেশে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘সনদ বাণিজ্য’সহ নানা ধরনের অভিযোগ আছে। অনেকগুলোর অননুমোদিত ক্যাম্পাস রয়েছে। ইউজিসি বিজ্ঞপ্তি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদিত ক্যাম্পাসের তালিকা প্রকাশ করেছে।
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতফুল হাই শিবলী এসব তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, তারা যেন যাচাই-বাছাই করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।’