সমস্যা নিয়ে আজ বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়মসহ উচ্চশিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, আইনের আওতায় এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কীভাবে ভালো করা যায় এবং উচ্চশিক্ষার গুণগত মান কীভাবে উন্নত করা যায়, তা নিয়েই এ বৈঠক হবে।
দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আছে। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘৪১ বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নর্দানের ব্যাখ্যা: গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একটি অংশে নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ গাজীপুরের কাশিমপুরে হচ্ছে বলা হয়। কিন্তু কর্তৃপক্ষ গতকাল প্রথম আলোকে জানায়, কাশিমপুরে জমি কিনলেও ঢাকার আশকোনায় পাঁচ বিঘা জমি কিনে নির্মাণকাজ শুরু হয়েছে। আর ইউজিসি কারওয়ান বাজার ও মিরপুর রোডের ক্যাম্পাস সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে পরিচালনার অনুমোদন দিয়েছে। খুলনা ও রাজশাহী ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন আছে।