সমস্যা নিরসনে ডিসির কাছে কাউন্সিলরদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক গ্রেপ্তার এড়াতে পলাতক৷ এক বছরের বেশি সময় ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সব উন্নয়নকাজ বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পদক্ষেপ নিতে গত ২ জুন জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র দিয়েছেন কাউন্সিলররা।
১০ জন কাউন্সিলরের সই করা ওই আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতা চলাকালে চার পুলিশের প্রাণহানি, থানায় হামলা ও সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৩২টি মামলা হয়। এর মধ্যে ১১টি মামলায় পৌর মেয়রকে আসামি করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ১১টি মামলার কয়েকটিতে মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক৷
আবেদনপত্রে সই দেওয়া পৌরসভার প্যানেল মেয়র লুৎফর রহমান বলেন, পৌরসভার ব্যাংক হিসাব মেয়রের স্বাক্ষরে পরিচালিত হয়। পৌর পরিষদের মাসিক সভার সিন্ধান্তক্রমে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়ে থাকে। কিন্তু তাঁর অনুপস্থিতির কারণে পৌরসভার নিজস্ব তহবিলসহ এডিবির বরাদ্দ করা অর্থ কাজে লাগানো যাচ্ছে না। এসব কারণে আইনি সমাধান চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়। অবশ্য বিশেষ ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও কাউন্সিলরদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন কাউন্সিলর বলেন, ‘আইনের চোখে সবাই সমান। কেউ অপরাধ করলে তাঁর বিচার হবে, সেটা আমরাও চাই। তবে এক ব্যক্তির জন্য যাতে উন্নয়ন ব্যাহত না হয়, সেজন্য আমরা আইনগত সমাধান চাই।’
নুরুন্নবী প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. এহছানে এলাহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, ‘কাউন্সিলরদের আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’