সমস্যা নিরসনে প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ নগরের ৭ নম্বর ওয়ার্ডের গোদনাইলের বার্মাস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসিম, পারভেজ আহাম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, কয়েক দিনের টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, শিল্পকারখানাসহ বিভিন্ন স্থাপনা। কোথাও কোথাও হাঁটু ও কোমরপানি উঠে গেছে। সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া, মধ্যপাড়া, কলেজপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, কাশেমপাড়া, নয়াপাড়া, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় এক মাস ধরে প্রবল বর্ষণের পানিতে নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট ডুবে আছে। এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় সময় পার করছে। কিছুতেই এসব এলাকা থেকে জলাবদ্ধতা কমছে না। জলাবদ্ধতার শিকার লোকজন অ্যালার্জি ও চর্মজনিত নানা রোগে আক্রান্ত হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে অতিরিক্ত পাম্প বসিয়ে পানিনিষ্কাশন এবং দ্রুত প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান তাঁরা।
এদিকে ডিএনডি বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা দ্রুত ও স্থায়ীভাবে নিরসন, খাল-জলাশয় দখলমুক্ত করা, নষ্ট পাম্প মেরামতসহ পর্যাপ্ত পাম্পের ব্যবস্থা করে পানিনিষ্কাশন করা, পরিকল্পিত নালা নির্মাণ ও রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে একনেকে পাস হওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা সমাবেশ ও মিছিল করেছে। বিকেলে নগরের সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান, সিপিবির নেতা দুলাল সাহা, আবদুল মালেক প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, বৃষ্টি হলেই ডিএনডির অভ্যন্তরের ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহায়। জলাবদ্ধতার সমস্যা নিরসনে ৫৫৮ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হলেও বাস্তবায়নের কাজ এখনো শুরু হয়নি।