সমস্যা-সংকটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকট, ছাত্রাবাস-সংকট, ছাত্রাবাসে পানি নেই, পরিবহন ও যোগাযোগের সমস্যা, প্রধান ফটকে দুর্ঘটনার ঝুঁকি, উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ নেই, মিলনায়তন নেই, অতিথিশালা ও শিক্ষকদের আবাসিক মেস নেই, নেই শিক্ষানবিশ চিকিৎসকদের ছাত্রাবাস। এ রকম নানা সমস্যা ও সংকটে হাবুডুবু খাচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গত বুধবার প্রথম আলোকে জানান, বগুড়া মেডিকেল কলেজের কিছু সমস্যার কথা তিনি অবগত আছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেজের সমস্যা চিহ্নিত করতে স্বাস্থ্যসচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশসহ ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে এ কলেজে ২৬টি বিভাগে মাত্র ১০৩ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে আবার ৫০ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। শূন্য পদগুলোর মধ্যে অধ্যাপক পদ ১৪, সহযোগী অধ্যাপক পদ ২৩, সহকারী অধ্যাপকের ১৩টি পদ রয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগে পাঁচজন শিক্ষকের সব কটি পদই শূন্য রয়েছে। শিক্ষকশূন্য ফিজিক্যাল মেডিসিন বিভাগও। ফরেনসিক, নিউরোলজি, চক্ষু, ইএনটি, রক্ত পরিসঞ্চালন, গ্যাস্ট্রো এন্টারোলজি, রেসপিরেটরি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, ইউরোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি এবং দন্ত্য বিভাগ চলছে একজন করে শিক্ষক দিয়ে। মেডিসিন বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে ছয়জন শিক্ষকের জায়গায় আছেন মাত্র তিনজন। সম্প্রতি শূন্য হয়ে পড়েছে উপাধ্যক্ষের পদটিও।কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি শিক্ষকের আরও পদ সৃষ্টি করা প্রয়োজন। পার্শ্ববর্তী রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সেখানকার শিক্ষার্থীর সংখ্যা এখানকার চেয়ে সামান্য বেশি। অথচ সেখানে শিক্ষকের সংখ্যা বর্তমানে ২৩০।ময়মনসিংহ থেকে পড়তে আসা উম্মে হাবিবা ভর্তি হওয়ার পরপরই উঠেছিলেন কলেজের একমাত্র ছাত্রীনিবাসে। স্থান জুটেছিল গণরুমে। ১৮টি বিছানা, দ্বিগুণ ছাত্রী। গাদাগাদি করে রাত যাপন। হইহুল্লোড়, চেঁচামেচিতে পড়ালেখার পরিবেশ নেই। বিছানায় ঘুম, বিছানায় পড়ালেখা। একটামাত্র টয়লেট। সকালে লাইন দিতে হয়। এভাবে এক বছর কাটানোর পর গণরুম থেকে মুক্তি মিললেও এখন ছোট কক্ষে পাঁচজন একসঙ্গে থাকতে হয়। শুধু থাকার কষ্ট নয়, এখানে আছে খাবারের কষ্টও। প্রায় দিনই ক্যানটিনের খাবার মুখে দেওয়া যায় না। আছে পানির সংকট। হলে প্রায়ই পানি থাকে না—বলছিলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা।সরেজমিনে দেখা গেছে, কলেজে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস রয়েছে। ৩১৫ আসনের এই দুটি নিবাসে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ। ছাত্রীনিবাসের সুপারের সহকারী হারুন-অর-রশিদ জানান, পানির লাইন বিকল হয়ে প্রায়ই সরবরাহ বন্ধ থাকে। বৈদ্যুতিক লাইনও ঝুঁকিপূর্ণ। আবাসিক ছাত্রী শারমিন আখতার বলেন, কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে হওয়ায় রাতে ক্যাম্পাস থাকে অরক্ষিত। কোনো পুলিশ বা নিরাপত্তাকর্মী থাকে না। রাতে দায়িত্ব শেষে ওয়ার্ড থেকে ছাত্রীনিবাসে আসতে প্রধান ফটকের সামনে প্রায়ই বখাটেদের কারণে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।ছাত্রাবাসে গিয়ে দেখা গেল, গোটা ছাত্রাবাসে নোংরা, ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে টেকা যায় না। ঘিঞ্জি পরিবেশ। গণরুমের বাসিন্দা প্রথম বর্ষের ফরহাদ হোসেন বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য পরিচ্ছন্নতাকর্মী নেই। প্রায় সময়ই তা অপরিচ্ছন্ন থাকে। টয়লেটে গেলে দম বন্ধ হয়ে আসে। মাসুদুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, হলে নিরাপত্তাকর্মী নেই। শিক্ষার্থীরা জানান, আবাসন সমস্যার কারণে অনেক শিক্ষার্থী শহরের বিভিন্ন ছাত্রাবাসে থাকেন। কেউ কেউ শহরের আত্মীয়স্বজনের বাসায় থেকে ক্লাস করেন। যাতায়াতের জন্য বাস না থাকায় তাঁদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের প্রায়ই মাঠ পরিদর্শন ও শিক্ষাসফর থাকে। এসব প্রয়োজনে কলেজে অন্তত দুটি বাস দরকার।বর্তমানে এ কলেজে ২৬টি বিভাগের মধ্যে শুধু অবেদনবিদ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ফলে অন্য বিষয়ের শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি নিতে অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষকেরা জানান, মন্ত্রণালয় অনুমোদন দিলে অন্য বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা সম্ভব।কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে অন্তত দুটি আধুনিক সুযোগ-সুবিধার ছাত্রাবাস, একটি শিক্ষানবিশ চিকিৎসকদের ছাত্রাবাস, একটি শিক্ষক ডরমিটরি, একটি আধুনিক মিলনায়তন ও কলেজের সামনের মহাসড়কে ওভারব্রিজ নির্মাণ জরুরি। তিনি অল্প দিন হলো দায়িত্ব নিয়েছেন। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর তুলে ধরবেন।