নদীর তীরে সীমানাখুঁটি স্থাপনের ক্ষেত্রে কোথাও যৌক্তিক আপত্তি থাকলে তা পরীক্ষা করে কাজ শুরু করা হবে। আপত্তি না থাকলে খুঁটি স্থাপনের কাজ চলবে। আর জটিল সমস্যা সমাধানে আদালতের পরামর্শ নেবে সরকার।গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঢাকার চতুর্দিকে বহমান নদীসমূহের সীমানা পিলার নির্ধারণের জরিপকাজ শেষে স্থাপিত সীমানা পিলার’ শীর্ষক সভায় সরকারের পক্ষ থেকে এসব কথা বলা হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, সীমানাখুঁটি স্থাপনের ক্ষেত্রে কোথাও সমস্যা দেখা দিলে তা সমাধান করতে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সাংসদ আ ক ম মোজাম্মেল হক, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, ভূমি রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) প্রতিনিধি, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রতিনিধি এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক। নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। সভায় বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সীমানাখুঁটি স্থাপন সম্ভব হচ্ছে না বলে সময় বাড়ানোর আবেদন করবে সরকার।সভায় জানানো হয়, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী নদীর তীরে সীমানাখুঁটি স্থাপনের লক্ষ্যে জরিপকাজ শেষে ১২ এপ্রিল গণসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসনের এলাকাধীন তুরাগ নদের তীরে খুঁটি স্থাপন করা শুরু হয়। শুরুতেই অসংগতি দেখা দেয়। রড-সিমেন্টের পাকা খুঁটি বসানো হয় নদীর মধ্যে। এভাবে খুঁটি স্থাপন করে দখলদারদের পক্ষেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সংবাদপত্র ও বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হলে কাজ বন্ধ হয়ে যায়।সীমানাখুঁটি স্থাপনের জন্য ঢাকা জেলায় নদীতীরের দুই পাড়ে ৯৪ কিলোমিটার, নারায়ণগঞ্জে ১২৭ কিলোমিটার, গাজীপুরে ১৮ কিলোমিটার এবং মুন্সিগঞ্জে ৬০ কিলোমিটার—মোট ২৯৯ কিলোমিটার জায়গা চিহ্নিত করা হয়। এ কাজের জন্য ৩০ কোটি সাত লাখ ৭৮ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়।সভায় অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম, প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, মোস্তফা জালাল মহিউদ্দিন, সানজিদা খানম, মো. আসলামুল হক, মো. জাহিদ আহসান রাসেল, সংশ্লিষ্ট সচিব ও সংস্থার প্রধান, পবা ও বেলার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।