ভৈরবে সাবরেজিস্ট্রারকে অপসারণের দাবিতে আন্দোলন চলছে
সমস্যা সমাধানে জেলা রেজিস্ট্রারের উদ্যোগ
কিশোরগঞ্জের ভৈরবে সাবরেজিস্ট্রার ও অফিস সহকারীর অপসারণের দাবিতে দলিল লেখকদের কর্মবিরতির কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার এই কর্মসূচির তিন দিন অতিবাহিত হয়েছে। এই কর্মসূচির কারণে উপজেলায় দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় জমি ক্রেতা ও বিক্রেতারা বিপাকে পড়েছে।
এ অচলাবস্থা দূর করার জন্য কিশোরগঞ্জ জেলা সাবরেজিস্ট্রার শেখ আবুল কালাম গতকাল একটি প্রতিনিধিদল ভৈরবে পাঠিয়েছেন। জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হাসেম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলটি সকালে এসে প্রথমে দলিল লেখকদের সঙ্গে সভা করেন। পরে তাঁরা পৃথক সভা করেন সাবরেজিস্ট্রার আসমা আক্তারের সঙ্গে।
সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, এই কার্যালয়ে গড়ে প্রতিদিন ৩০টি দলিল নিবন্ধন হয়ে থাকে। তিন দিনে শতাধিক দলিল নিবন্ধন হতে পারত। গতকাল যথাসময়ে আসমা আক্তার কার্যালয়ে এলেও দলিল লেখকেরা কাজে না ফেরায় নিবন্ধনপ্রত্যাশীরা সেবা পাননি।
আবুল হাসেম বলেন, ‘দলিল লেখকেরা আমাদের কাছে কিছু দাবির কথা বলেছেন। সাবরেজিস্ট্রার স্যারও তাঁর অবস্থান থেকে কথা বলেছেন। দুই পক্ষের দাবি ও চাওয়ার কথা ফিরে গিয়ে জেলা সাবরেজিস্ট্রার স্যারকে জানাব।’
এ বিষয়ে ভৈরব দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল কবির বলেন, ‘সম্মান নিয়ে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে চাই। কিন্তু সাবরেজিস্ট্রারের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তিনি টাকা ছাড়া আর কিছুই বোঝেন না। আমাদের একটাই দাবি, সাবরেজিস্ট্রার ও অফিস সহকারী রফিকুল ইসলামকে প্রত্যাহার করতে হবে।’
সাবরেজিস্ট্রার বলেন, ‘দলিল লেখকদের কথামতো কাজ করলে সরকার প্রচুর রাজস্ব হারাবে আর লাভবান হবে দলিল লেখকেরা।’ দলিল লেখকদের আন্দোলনের কারণে জমি ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) দলিল লেখকদের কাজে যোগ দেওয়ার জন্য আমি নোটিশ দেব।’