সমস্যা সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছে জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠিত ৫ নম্বর উপকমিটি।

গতকাল মঙ্গলবার দুপুরে বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিসিকের কার্যালয়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ রহিমউল্লাহর নেতৃত্বে ৫ নম্বর উপকমিটির পরিদর্শক দল শিল্প মালিকদের সঙ্গে বৈঠক করে।

উপকমিটির পরিদর্শন দলে অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ও কমিটির সচিব শাহনাজ আরেফিন, কমিটি অফিসার মো. রফিকুল ইসলাম, স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মো. আল আমিন সরকার প্রমুখ। এ সময় বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ফতুল্লা অঞ্চল থেকে প্রতিবছর তিন কোটি টাকার বেশি রাজস্ব পায় সরকার। অথচ দেশের অন্যান্য বিসিকে সরকারের উল্টো ভর্তুকি দিতে হয়। তারপরও ফতুল্লার এ বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও নালা (ড্রেনেজ) ব্যবস্থা বিধ্বস্ত। তিনি বলেন, ২০১০ সালের পর এ শিল্প এলাকার ৩৯টি রাস্তার একটিরও কাজ করেনি বিসিক কর্তৃপক্ষ।

আবদুল মান্নান বলেন, বাংলাদেশের অন্য সব বিসিক শিল্পনগরীর মতোই এই শিল্প নগরীরও প্ল্যান করা হয়েছিল। কিন্তু এখানকার উদ্যোক্তারা গার্মেন্ট ফ্যাক্টরি নির্মাণ করায় প্রয়োজনীয় সেবা চাহিদার তুলনায় খুবই কম হয়ে গেছে। সেখানে বর্তমানে বৃহত্তর প্রতিষ্ঠানও গড়ে তোলা হচ্ছে। ফলে প্ল্যানিং নিয়ে নতুন করে কাজ করতে হবে।

সাংসদ রহিমউল্লাহ বলেন, ‘এখানে এসেছি ফতুল্লা এলাকার বিসিক শিল্প অঞ্চলের নানা সমস্যা দেখতে। পরবর্তী সময়ে এ সমস্যাগুলো জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে তুলে ধরব। সমস্যা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’