ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব বিভাগের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেন। শিক্ষার্থীরা আগামী ১২ অক্টোবরের মধ্যে সব সমস্যা সমাধানের দাবি জানান। না হলে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সুবিধা প্রদান, পানিসংকটের নিরসন, যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা প্রদান ইত্যাদি।বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখার নেতৃত্বে দাবিগুলোর একটি স্মারকলিপি প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।জানা যায়, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াতের জন্য বাস-সংকট, বিদ্যুৎ-সমস্যা, পানিসংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। সমস্যার সমাধানে এর আগে আরও আন্দোলন হয়েছে। আন্দোলনের পর সমস্যা সমাধানে কিছু অস্থায়ী পদক্ষেপ নিলেও, স্থায়ী সমাধানের জন্য তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবিতে গতকাল ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘ছাত্ররা ক্লাস না করলে আমি তো তাদের টেনে নিয়ে আসতে পারব না। আর এসব সমস্যার সমাধান অল্প কয়েক দিনে করা সম্ভব নয়।’