সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক, সেবিকা, ওষুধ-সংকটসহ সব সমস্যা সমাধানের দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সুনামকণ্ঠ পাঠক ফোরামের সদস্যরা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন করেন।মানববন্ধন চলাকালে বক্তারা জানান, হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। আছেন মাত্র একজন। আর পুরো হাসপাতালে ৫৮ জন চিকিৎকের মধ্যে কর্মরত আছেন মাত্র আটজন। নার্সের ৫০টি পদের মধ্যে ৩৯টিই শূন্য। হাসপাতালে গিয়ে মানুষ কোনো সেবা পায় না।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, বিএনপির নেতা এ টি এম হেলাল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, কবি ও আইনজীবী আবুল হোসেন, পাঠক ফোরামের সভাপতি হাফেজা আক্তার রোহী, সাধারণ সম্পাদক এ কে এম জাকারিয়া, আফজাল হোসেন, হূদয়, জুবলী বেগম, মঞ্জু রানী দাস প্রমুখ। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মহসিন করিম জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার-নার্সের এই সংকটের বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। মূলত এ কারণেই মানুষকে প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না।