সমস্যা সুইচবোর্ডে ভোগান্তি মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরসহ কয়েকটি গ্রামের ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছে। একই কারণে এ এলাকার দুই শতাধিক চাতাল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সান্তাহার বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের সুইচবোর্ডে যান্ত্রিক ক্রটি থাকায় ও জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গ্রাহকেরা জানান, আদমদীঘি উপজেলার সদর, সান্তাহার নশরৎপুর, ছাতিয়ানগ্রাম ও জয়পুরহাট জেলার তিলকপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র থেকে। সান্তাহার শহরে বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের একটি কার্যালয় রয়েছে। তবে এখান থেকে বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা নেই।সান্তাহার বিদ্যুৎ সরবরাহকেন্দ্র সূত্রে জানা গেছে, সান্তাহার ফিডারের আওতাধীন এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে বাণিজ্যিক গ্রাহক দুই হাজার ৪০০। সান্তাহার শহরে কেন্দ্রীয় খাদ্যগুদাম, উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বাফার গুদাম, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, রেলওয়ের জংশন স্টেশন, দুই শতাধিক চাতাল, মৎস্য হ্যাচারি ও অসংখ্য ছোট-বড় কারখানা রয়েছে। সান্তাহার বিদ্যুৎকেন্দ্রের সুইচবোর্ডে যান্ত্রিক ক্রটি থাকায় বিদ্যুৎ আসার পর পাঁচ-ছয়বার চেষ্টা চালিয়ে সুইচ ‘অন’ রাখা সম্ভব হয়। এ কারণে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গ্রাহকদের বাল্ব ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। কয়েকজন গ্রাহক জানান, ঘাটতির কারণে জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এখানে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা। কিন্তু সুইচবোর্ডে ক্রটি থাকায় সান্তাহারে এখন প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ছয় মাস ধরে এ অবস্থা চলছে।বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের আবাসিক প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, ‘এখানে বিদ্যুৎ সরবরাহ করে নওগাঁ বিদ্যুৎকেন্দ্র, তাই লোডশেডিংয়ের ব্যাপারে আমাদের কিছু করার নেই। সুইচবোর্ডের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’