সিলেট সিটি করপোরেশন নগরবাসীকে পর্যাপ্ত সেবা দিতে পারছে না। নগরে যানজট, জলাবদ্ধতা, ভাঙাচোরা-অপ্রশস্ত রাস্তাঘাট, ময়লা-আবর্জনার স্তূপ, অবৈধ অটোরিকশাস্ট্যান্ড, খাল ও ফুটপাত বেদখলসহ নানা কারণে নগরবাসী ব্যাপক ভোগান্তিতে রয়েছে বলে অভিযোগ রয়েছে। নগরবাসী জানায়, ওই সব সমস্যার ব্যাপারে নগরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা একাধিকবার সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানিয়েছে। সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচিও পালন করেছে। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেবল আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যানজট: নগরে কয়েক বছর ধরে যানজট প্রকট আকার ধারণ করেছে। শহরের বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল, ধোপাদীঘিরপার, সোবহানীঘাট, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মীরের ময়দান, লামাবাজার, কেওয়াপাড়া এলাকায় প্রায় প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট লেগে থাকে।সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম জানান, শহরের অপ্রশস্ত সড়ক, অবৈধ অটোরিকশাস্ট্যান্ড, অবৈধ রিকশার ব্যাপক চলাচল, গাড়ি রাখার জায়গার (পার্কিং) অপ্রতুলতা, ফুটপাত বেদখল এবং ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে যানজট বেড়ে গেছে।ভাঙাচোরা রাস্তাঘাট: নাইওরপুল-টিলাগড় সড়কটি শহরের অন্যতম ব্যস্ততম সড়ক। কিন্তু এ সড়কের স্থানে স্থানে ছোট-বড় বহু গর্ত ও খানাখন্দের সৃষ্টি হলেও দীর্ঘদিন ধরে এটির সংস্কার করা হচ্ছে না। সড়কটির মীরাবাজার, শিবগঞ্জ, সোনারপাড়া, সাদিপুর ও টিলাগড় অংশের অবস্থা খুব খারাপ। এসব অংশে কার্পেটিং উঠে বহু ফাটল দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, নগরের জেলরোড, হাওয়াপাড়া, বারুতখানা, ধোপাদীঘিরপার, উপশহর, লামাপাড়া, শাপলাবাগ, কালীবাড়ী, পাঠানটোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক ভাঙাচোরা। এসব সড়ক চলাচলের অনুপযোগী হলেও সিটি করপোরেশন তা মেরামতে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে।ফুটপাত দখল: নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, কাজলশাহ, সুরমা মার্কেট, মীরাবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের ফুটপাতগুলো দখল করে অস্থায়ী দোকানপাট নির্মাণ করেছেন কয়েক হাজার ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে যোগসাজশে এসব ব্যবসায়ী ফুটপাত থেকে শুরু করে মূল রাস্তা পর্যন্ত দখল করে রেখেছেন। এতে করে নগরবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।জলাবদ্ধতা: বর্ষা মৌসুম শেষ হলেও জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। কয়েক দিন আগে টানা বৃষ্টিপাত হওয়ায় নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ে। ভুক্তভোগীরা জানান, নগরের নয়টি ছড়া এবং ছোট-বড় খালগুলো বেদখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এ ছাড়া সিটি করপোরেশন কর্তৃপক্ষ নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় এ দুরবস্থার সৃষ্টি হচ্ছে। এসব নালা আবর্জনায় ভর্তি, তাই পানি আটকে যাচ্ছে। তবে সিটি করপোরেশনের পরিষ্কার ও পরিচ্ছন্নতা শাখা জানিয়েছে, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী এবং লোকবল সংকটের কারণে নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, খাল আর নর্দমা ভরাট হয়ে যাওয়ার অনিবার্য পরিণতি হিসেবে শহরে এখন অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়িতে পানি চলে আসে। একবার বৃষ্টি হলে পানি নামতে কয়েক দিন লেগে যায়।ময়লা-আবর্জনার স্তূপ: পুরো নগর ময়লা-আবর্জনার ভাগাড় এমনই মনে করেন নগরের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা খাইরুল হক। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং পাড়া-মহল্লায় ঘুরে তাঁর কথার সত্যতাও পাওয়া যায়। রাস্তার আশপাশে ময়লার স্তূপ দেখা গেছে। যত্রতত্র পড়ে রয়েছে চিকিৎসাবর্জ্য থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর নোংরা-আবর্জনা।সংশ্লিষ্ট ব্যক্তিরা যা বলেন: সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান সম্প্রতি বলেন, ‘যানজট এবং জলাবদ্ধতা এখন নগরবাসীর কাছে আতঙ্কের নামে পরিণত হয়েছে। এ সমস্যাগুলো স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সে অনুযায়ী কাজ চলছে। আগামী বছরের মধ্যে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে।’ তিনি আরও বলেন, বৃষ্টির কারণে কিছু এলাকার রাস্তাঘাট সংস্কারের কাজ বন্ধ রয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই কাজ শুরু হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর অভাব থাকা সত্ত্বেও নগর পরিচ্ছন্ন রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসন করে কীভাবে নগরবাসীর পথ চলাচলে সুবিধা করে দেওয়া যায়, সে চেষ্টাও অব্যাহত রয়েছে।এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বিভিন্ন সমস্যা যেমন রয়েছে, তেমনি তা সমাধানে সিটি করপোরেশন কাজও করে চলেছে। নগরবাসীর ভোগান্তির বিষয়গুলো নিয়ে একাধিকবার সমন্বয় সভায় আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।