সমস্যাটা বৈশ্বিক, তবে জঙ্গিরা দেশজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদকে সংকীর্ণ দৃষ্টিতে দেখলে চলবে না। এটি এখন বৈশ্বিক সমস্যা। তাই আগে একে প্রথমে বৈশ্বিক তারপরে আঞ্চলিক ও জাতীয় প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে বলে মনে করেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তবে তিনি বলছেন, এখানকার জঙ্গিরা সবাই দেশজ (হোম গ্রোন)।

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে ‘রিপোর্ট টু র‍্যাব’ নামে একটি মোবাইল ফোন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বেনজীর আহমেদ এ কথা বলেন। ওই অ্যাপটি ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে খুব সহজে সারা দেশের মানুষ র‍্যাবকে তথ্য জানাতে পারবেন। গুগল প্লে স্টোরে ও র‍্যাবের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

গতকাল র‍্যাবের ওই অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, আমেরিকায় পরিস্থিতি ভালো থাকে, আবার হঠাৎ করেই জঙ্গি কার্যক্রম শুরু হয়ে যায়। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম বা যুক্তরাজ্যেও এমন ঘটনা ঘটেছে। এর মানে জঙ্গিবাদের ধরনটাই এ রকম।

দেশের জঙ্গিরা আন্তর্জাতিক জঙ্গি চক্রগুলোর সঙ্গে যুক্ত কী না জানতে চাইলে মহাপরিচালক ব্যাখ্যা করে বলেন, গত বছর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২ বছরের একটি ছেলে আইএসের পোস্টার লাগানোর সময় ধরা পড়ল। তাকে জিজ্ঞাসা করা হলো, এই পোস্টার সে কোথায় পেয়েছে? সে জানাল, ইন্টারনেট থেকে পেয়েছে। তার সঙ্গে আইএসের কোনো যোগাযোগ নেই। তার বাবা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লক্ষ-কোটি সাইট দেখে কেউ কেউ নিজে থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে পারেন। এভাবে উদ্বুদ্ধ (সেলফ মোটিভেটেড) হওয়া আর আইএসের (মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন) সঙ্গে যুক্ত থাকা এক ব্যাপার নয়। এখন যে ঘটনাগুলো ঘটছে, জেএমবির সঙ্গে তার যোগাযোগ খুঁজে পাওয়া যায়। তবে তদন্ত শেষ হলে আরও ভালো ভাবে বলা যাবে।

র‍্যাবের মহাপরিচালক সম্প্রতি নিখোঁজ সন্দেহভাজন জঙ্গিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে বলেন, এটা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার কাজ নয়। এ জন্য সামাজিক উদ্যোগ দরকার।

‘রিপোর্ট টু র‍্যাব’ অ্যাপটি নিয়ে মহাপরিচালক বলেন, ওই অ্যাপের মাধ্যমে মানুষ জঙ্গি হামলা, জঙ্গিদের তথ্য, নিখোঁজ ব্যক্তিদের খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহজনক বা আপত্তিকর কোনো কিছু, মাদক, খুন, ডাকাতিসহ যেকোনো অপরাধের তথ্য মানুষ সরাসরি র‍্যাবকে জানাতে পারবেন। ওই অ্যাপে তথ্য জানালে সেটি সরাসরি র‍্যাবের সদর দপ্তরে চলে আসবে। এরপর এটি র‍্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন বা দপ্তরে পাঠানো হবে।

এ বিষয়ে অনুষ্ঠানে ভিডিও উপস্থাপনা দেখান র‍্যাবের যোগাযোগ শাখার পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন মাহমুদ।