সমস্যায় ঘেরা, ফলাফলে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কক্ষ ও চেয়ার-বেঞ্চ সংকটসহ নানান সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু লেখাপড়ার মান কমতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এত সমস্যার মধে৵ও বিদ্যালয়টি পাঁচ বছর ধরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যে পিইসি পরীক্ষায় সেরা ফল করে আসছে।

উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয় পড়াচ্ছিলেন সহকারী শিক্ষিকা রুজিনা খাতুন। তিনি বলেন, শ্রেণিকক্ষের সংকটে পঞ্চম শ্রেণির ‘খ’ শাখার ক্লাস বাইরে নিতে বাধ্য হচ্ছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৪০০। দুই কক্ষের একটি পাকা ভবন রয়েছে। আধা পাকা অফিসকক্ষসহ আরও চারটি জরাজীর্ণ কক্ষ রয়েছে, যেগুলো অনেক পুরোনো। বৃষ্টি এলে এই চার কক্ষে শিক্ষার্থীদের বই-খাতা সব ভিজে যায়। অফিসকক্ষটি একেবারেই ছোট। ভেতরে রয়েছে ছোট্ট একটি টেবিল। আটজন শিক্ষকের বসার জন্য রয়েছে চারটি চেয়ার। বাধ্য হয়ে শিক্ষকেরা সেখানেই গাদাগাদি করে বসেন। জায়গা না থাকায় অফিসকক্ষেই বিস্কুটের কার্টন রাখা হয়েছে। বিদ্যালয়ে ৪০০ জন শিক্ষার্থীর বসার জন্য রয়েছে ৮০ জোড়া বেঞ্চ। একটি বেঞ্চে দুজন করে ১৬০ জন বসা যায়। বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকটে বিদ্যালয়ে ক্লাস চলে দুই শিফটে।

প্রধান শিক্ষিকা ছায়মা বেগম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অনুমোদনের জন্য দুই বছর আগে উপজেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হলেও রহস্যজনক কারণে আজও তা অনুমোদন হয়নি। নিয়মিত পরিচালনা কমিটি না থাকায় বিদ্যালয়ের উন্নয়নকাজে বরাদ্দ পাওয়া টাকাও তুলতে পারছেন না প্রধান শিক্ষিকা। তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। অনেক আগে আবেদন করেও সংযোগ পাইনি।’

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয় বছরে পিইসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত পাঁচ বছরে বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ১৪ জন। ২০১৬ সালে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পায় নয়জন। এখনো বৃত্তির ফল ঘোষণা করা হয়নি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন বলেন, ‘শত সমস্যার মধ্যেও আমরা পিইসিতে ইউনিয়নের মধ্যে সেরা ফল ধরে রেখেছি। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান হলে আমরা উপজেলায় সেরা হতে পারব।’

আরেক সহকারী শিক্ষিকা ব্রজবালা বিশ্বাস বলেন, ‘আধা পাকা চারটি শ্রেণিকক্ষের টিন জরাজীর্ণ ও ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ক্লাস নেওয়া যায় না। বই-খাতা ভিজে যায়। সামনে বর্ষাকাল। তাই আমরা সংশয়ে আছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই বিদ্যালয়ের সমস্যা জানি। ভবন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আগে পত্র দিয়েছি। সাড়া পাইনি।’ বিদ্যালয়ের পরিচালনা কমিটি দুই বছরেও অনুমোদন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অ্যাডহক কমিটি বিদ্যালয়ের ফান্ড থেকে টাকা তুলে উন্নয়নকাজ করতে পারে। অ্যাডহক কমিটি কেন তা করছে না, খোঁজ নিয়ে দেখব।’

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম আক্তার বলেন, ‘আমি টাকা তুলে কাজ করতে চাই না। কাজ করতে গেলে দুর্নাম আসতে পারে। তাই আমি নতুন কমিটির অপেক্ষায় রয়েছি।’