সমস্যার আবর্তে রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। এতে মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ১১ অক্টোবর থেকে স্টেশনটির কার্যক্রম শুরু হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে দাঁড়িয়ে আছে স্টেশনটি। এরই মধ্যে শতাধিক দুর্ঘটনায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে এ স্টেশন থেকে। অগ্নিকাণ্ড নির্বাপণ, উপজেলার অন্তর্গত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ নানা কাজে তাদের কার্যক্রম এরই মধ্যে উপজেলাবাসীর নজর কেড়েছে।
কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এ স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানা যায়। সবচেয়ে বড় হলো মুঠোফোনের নেটওয়ার্ক সমস্যা। স্টেশনটিতে ব্যবহৃত গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না বলে জানিয়েছেন এখানকার ফায়ারম্যানরা। এ জন্য মুঠোফোন নিয়ে তাঁদের স্টেশনের বাইরে বসে থাকতে হয়। এ ছাড়া স্টেশনটিতে আগুন নেভানোর কাজে সরবরাহ করা গাড়িটি নতুন হলেও উদ্ধারকর্মীদের ব্যবহৃত গাড়িটি অনেক পুরোনো। ফলে যথাসময়ে খবর পেয়েও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এ গাড়ি নিয়ে রাস্তায় বের হলে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় বলে তাঁরা জানান। লোকবল আরেকটি বড় সমস্যা। স্টেশনটিতে ১০ জন ফায়ারম্যান থাকার কথা থাকলেও এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজনকে। দুজন চালক ও একজন দলনেতা রয়েছেন।
স্টেশনটিতে দলনেতার দায়িত্বে থাকা আবু হানিফ বলেন, ফায়ারম্যান হিসেবে আরও ছয়জনকে প্রেষণে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে শাবল ছাড়া কোনো যন্ত্রপাতি নেই। ফলে উদ্ধার অভিযানে গিয়ে শুধু মানুষের আর্তনাদ শুনতে হয়। পরে সিরাজগঞ্জ বা বড় কোনো স্টেশন থেকে ফায়ার সার্ভিস বাহিনী এলে কাজ শুরু করতে হয়।
স্টেশন অফিসারের দায়িত্বে থাকা মাহবুবউজ্জামান বলেন, উদ্ধারকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ স্টেশনটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য লোকবলসহ অন্যান্য সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দপ্তরসহ উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস স্টেশনে কোনো দুর্ঘটনার খবর দিতে চাইলে মুঠোফোনের নেটওয়ার্কই পাওয়া যায় না। পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, এলাকাবাসীর দাবি ও প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে স্টেশনটি কাজ শুরু করলেও নানা সমস্যার কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।