সমস্যার কথা পুলিশ কমিশনারকে জানালেন পরিবহন-মালিকেরা
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা গতকাল শনিবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের কারণে ব্যয় বাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পরিবহন সমস্যা ও ভাড়া বাড়ানোর ব্যাপারে আমার করণীয় কিছু নেই। পরিবহন মালিক সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ও কয়েকজন আঞ্চলিক নেতা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁদের সমস্যাগুলো মন্ত্রণালয়ে পেশ করার পরামর্শ দিয়েছি।’
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, গ্যাসের দাম বাড়লে পরিবহন খরচও বাড়বে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেশির ভাগ গাড়ি গ্যাসচালিত। পুলিশ কমিশনারের সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে। ভাড়া বাড়াতে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, ‘পুলিশ কমিশনারকে আমরা বলেছি, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানোর যৌক্তিকতা আছে। সেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। কিন্তু তার আগেই চট্টগ্রাম নগরে সিএনজিচালিত কিছু অটোরিকশার চালক যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এমনিতে অটোরিকশার মিটারে না চলায় যাত্রীদের কাছ থেকে চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করেন।
নগরের লালখান বাজারের বাসিন্দা আবু হেনা প্রথম আলোকে বলেন, সিএনজি অটোরিকশায় উঠলেই কমপক্ষে ৫০ টাকা ভাড়া দিতে হয়। গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার পর থেকেই চালকেরা এখন ৬০-৭০ টাকা দাবি করছেন। ভাড়া আদায়ের ক্ষেত্রে সরকারের নীতিমালা থাকা উচিত। নইলে সাধারণ যাত্রীরা অটোরিকশার চালকদের কাছে জিম্মি হয়ে যাবে।