সমস্যার জালে বন্দী দীঘিনালাবাসী
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাবাসী দীর্ঘদিন থেকে বড়রকম নানা সমস্যার জালে ঘুরপাক খাচ্ছে। এখান থেকে তারা বেরিয়ে এসে নিজেদের উন্নয়ন দেখতে চায়। এ লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের এক বৈঠকে তারা তাদের সমস্যা ও দাবির কথা লিখিতভাবে তুলে ধরেছে। দীঘিনালাকে পৌরসভায় উন্নীত করা উপজেলাবাসীর গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটি। উপজেলাটির আয়তন ৬৯৪ দশমিক ১২ বর্গকিলোমিটার। খাগড়াছড়ির নয়টি থানার প্রাচীনতম থানা দীঘিনালা। ১৯১৬ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার একে থানা হিসেবে স্বীকৃতি দেয়। ত্রিপুরা মহারাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতিবিজড়িত এলাকা এটি। ১৬৬০ খ্রিষ্টাব্দে ত্রিপুরা রাজ্যের ১৬৩তম রাজা গোবিন্দ ১৬৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাইনী নদীতীরে নির্বাসিত জীবন কাটান। রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম দীঘিনালা। এলাকাবাসীর দাবি, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ ও পার্শ্ববর্তী কবাখালী এবং মেরুং ইউনিয়ন পরিষদের কিছু অংশ সংযুক্ত করে দীঘিনালাকে পৌরসভায় উন্নীত করা হোক।জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম চলছে এখনো ব্রিটিশ আমলের ডিসপেনসারি আদলে নলখাগড়ার সিমেন্ট আবৃত ঘরে। ১৯২৪ সালে স্থাপিত হয় এ কমপ্লেক্সটি। রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীর চিকিৎসার একমাত্র ভরসা এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১০ শয্যাবিশিষ্ট কমপ্লেক্সটিতে চিকিৎসক রয়েছেন মাত্র তিনজন। তাঁদের মধ্যে একজন রয়েছেন দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে। জরাজীর্ণ ঘরে কোনোরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসাকার্যক্রম। কমপ্লেক্সটিকে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল হিসেবে দেখতে চান উপজেলাবাসী।উপজেলার একমাত্র উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান দীঘিনালা ডিগ্রি কলেজ। ১৯৮৪ সালে স্থানীয় বাসিন্দাদের মুষ্টিভিক্ষায় প্রতিষ্ঠিত কলেজটি ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগে সেরা কলেজ নির্বাচিত হয়। কলেজে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারের বেশি। কলেজটিকে সরকারীকরণে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে উপজেলাবাসী।যোগাযোগব্যবস্থা ভালো ও কাছাকাছি এমন সুবিধার উচ্চবিদ্যালয় রয়েছে উপজেলা সদরে মাত্র দুটি। একটি দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়, অন্যটি দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয়। এই দুই বিদ্যালয়ে ভর্তির কোটা শেষ হলে অনেক মেধাবী ছাত্রীকে মাইনী নদী পার হয়ে এবং পায়ে হেঁটে দূরবর্তী বিদ্যালয়ে পড়ালেখা করতে বাধ্য হতে হয়। এ সমস্যার অনেকটা লাঘব হয় যদি উপজেলায় একটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়।পর্যটনশিল্প বিকাশে এখানে রয়েছে প্রচুর সম্ভাবনা। বিভিন্ন স্পটে রয়েছে তিনটি ঝরনা, জলপ্রপাত, অবিকল হাতির মতো দেখতে পাথর, গুহা ও মহারাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতিবিজড়িত দীঘি। আর এ দীঘি থেকেই উপজেলার নামকরণ হয়েছে দীঘিনালা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু পর্যটন স্পটগুলোতে যাতায়াতের সুবিধা নেই। পায়ে হেঁটে যেতে হয়। যাতায়াতব্যবস্থার সুবিধার জন্য প্রয়োজন সড়ক নির্মাণসহ নানা সংস্কার উদ্যোগ। তা ছাড়া, উপজেলায় কোনো বিশ্রামাগার ও মিলনায়তন নেই। দেশি-বিদেশি পর্যটক ও প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এলে জেলা সদর ছাড়া এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। মিলনায়তন না থাকায় সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে পোহাতে হয় ভোগান্তি।সরকারিভাবে কোনো খেলার মাঠ নেই উপজেলাটিতে। সরকারি উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন থানা বাজারসংলগ্ন একটি খেলার মাঠ থাকলেও মাইনী নদীর ভাঙনসহ মাঠের অনেকটা জায়গায়ই এখন দখল হয়ে গেছে। খেলাধুলার সুবিধার্থে মাঠ ছাড়াও একটি ছোট স্টেডিয়াম নির্মাণের দাবি অনেক দিনের। উপজেলার থানা পুলিশের জন্য একটি গাড়িও নেই। যানবাহন সমিতি থেকে প্রতিদিন ধার করা গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে এখানকার পুলিশ বাহিনীকে। এসব সমস্যা ও দাবির বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি, বোয়ালখালী (সদর) ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানাসহ অনেকেই জানান, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবির কথা তুলে ধরা হয়েছে।