সমস্যার বেড়াজালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র আবাসন সমস্যা, শ্রেণীকক্ষ, শিক্ষক ও পরিবহন সংকট, বহিরাগত বখাটেদের উৎপাত আর জলাবদ্ধতার কারণে ১১১ বছরের পুরোনো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার ওপর উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখা দুটি আলাদা ক্যাম্পাসে হওয়ায় শিক্ষকদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত কলেজটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারাচ্ছে। ছাত্রাবাসের বাইরে ১৪ হাজার শিক্ষার্থী: কলেজের ১৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ১১৪ জনের আবাসনসুবিধা রয়েছে। উচ্চমাধ্যমিকের ছাত্রীদের কোনো আবাসনব্যবস্থা নেই। ছাত্রহল দুটি— কবি নজরুল ইসলাম ছাত্রাবাস ও নিউ হোস্টেল। তিন হাজার ৭৯২ জন ছাত্রীর মধ্যে নবাব ফয়জুন্নেছা ছাত্রী নিবাসে ৪৭৭ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এসব ছাত্রাবাসের প্রতিটিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। সংস্কার নেই দীর্ঘদিন। শহরের দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত শেরেবাংলা ছাত্রাবাস এক যুগ ধরে বন্ধ। সেখানে বহিরাগত ব্যক্তিরা অসামাজিক কাজে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের ভোগান্তি: কলেজের দুটি ক্যাম্পাস। শহরের কান্দির পাড়ের রাণীর দিঘির পশ্চিম পাড়ে উচ্চমাধ্যমিক শাখা। আর শহরতলীর ধর্মপুর এলাকায় ডিগ্রি শাখা। উভয় শাখার দূরত্ব দুই কিলোমিটার। শিক্ষকেরা জানিয়েছেন, এক শাখা থেকে অন্য শাখায় ক্লাস নিতে গিয়ে ঝামেলা হচ্ছে। শিক্ষক-সংকট: কলেজে শিক্ষকের ১৫৬টি পদ রয়েছে। এর মধ্যে ২১টি শূন্য। শিক্ষক-সংকটের কারণে বিভিন্ন বিভাগে পাঠদান গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। কলেজের একাধিক শিক্ষক জানান, ইংরেজি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইসলামের ইতিহাস, দর্শন, ইতিহাস, ইসলামি শিক্ষা, গণিত, পরিসংখ্যান প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক ছাড়াও ১৮টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান চলছে। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ: উচ্চমাধ্যমিক শাখায় শ্রেণীকক্ষ আছে ১৭টি। ডিগ্রি শাখায় ৩২টি। নতুন করে উচ্চমাধ্যমিকে ১০টি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৪০টি শ্রেণীকক্ষ দরকার বলে অফিস সূত্রে জানা গেছে। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, নতুন ভবন নির্মাণ না করা হলে শ্রেণীকক্ষ সংকট থেকেই যাবে।নিজস্ব বাস একটি: কলেজে ৫২ আসনের নিজস্ব একটি বাস রয়েছে। বর্তমানে আরও সাতটি ভাড়া করা বাস চলছে। বাসের সংকটের কারণে শিক্ষার্থীদের বাদুর ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে। জলাবদ্ধতাই প্রধান সমস্যা: কলেজের দুটি ক্যাম্পাসেই একটু বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। তখন নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস, কলা ভবন, পদার্থবিজ্ঞান ভবন, গ্রন্থাগার, অর্থনীতি ভবন, শহীদ জিয়া মিলনায়তন এবং প্রশাসনিক ভবনের সামনে হাঁটু থেকে কোমর পানি থাকে। নেই পর্যাপ্ত বই : কলেজের গ্রন্থাগারে বইয়ের সংকট রয়েছে। তার ওপর এক যুগ ধরে গ্রন্থাগারিকের পদ শূন্য। ফলে দুজন সহকারী গ্রন্থাগারিক ও একজন পিয়ন দিয়ে এর কার্যক্রম চলছে। বহিরাগত বখাটেদের কাছে জিম্মি শিক্ষার্থীরা: ধর্মপুরের ডিগ্রি শাখা ক্যাম্পাসের আশপাশে স্থানীয় বখাটে ও বহিরাগত বখাটেদের কাছে জিম্মি হয়ে পড়েছে শিক্ষার্থীরা। দিন-দুপুরে কলেজ ক্যাম্পাস, ছাত্রীনিবাস ও ছাত্রাবাসে ঢুকে বখাটেরা প্রায়ই শিক্ষার্থীদের মুঠোফোন ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। কান্দির পাড়ের রাণীর দিঘির পশ্চিম পাড়ে কলেজের উচ্চমাধ্যমিক শাখা। সকাল থেকেই বহিরাগত বখাটে মাদকসেবীরা কলেজের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, সাইকেল স্ট্যান্ড ও বিজ্ঞান ভবনের সামনে আড্ডা দেয় এবং মাদক সেবন করে। ভাঙা দরজা-জানালা: ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজের উচ্চমাধ্যমিক শাখার ভবনগুলোর চাল দিয়ে বৃষ্টি হলেই পানি পড়ে। উচ্চমাধ্যমিক শাখার মানবিক বিভাগের শ্রেণীকক্ষের (গ্যালারি) চাল উড়ে গেছে। একই অবস্থা বিজ্ঞান ভবনেরও। পুরোনো ভবনগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে। শ্রেণীকক্ষগুলোরও দরজা-জানালা ভাঙা। কর্তৃপক্ষের দাবি বরাদ্দ নেই, তাই সংস্কার করা হচ্ছে না। অধ্যক্ষ যা বলেন: কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। তার ওপর রয়েছে শ্রেণীকক্ষ ও আবাসন-সংকট। নেই পর্যাপ্ত শিক্ষক। প্রতিমাসেই শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে নানা সমস্যা নিয়ে প্রতিবেদন পাঠাই। সরকার বরাদ্দ দিলেই আমরা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ-সুবিধা দিতে পারি।’