সমস্যার মধ্যেও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে স্থাপিত পাঁচ সহস্রাধিক ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের সবচেয়ে বড় অসুবিধা ইন্টারনেটের ধীরগতি। প্রায় সব কেন্দ্রের এই একই অভিযোগ।

প্রথম আলোর পাঁচজন প্রতিনিধি দেশের পাঁচটি অঞ্চলে এক ডজনেরও বেশি তথ্যসেবা কেন্দ্র ঘুরে দেখেছেন। তাঁদের পাঠানো প্রতিবেদন থেকে ধারণা পাওয়া যায়, বিভিন্ন সমস্যার মধ্যেও মানুষের প্রয়োজনে এগিয়ে চলছে কেন্দ্রগুলো। তবে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা এবং ইউনিয়ন পরিষদ ও পৌর মেয়ররা আন্তরিক হলে মানুষ আরও সহজেই এই সেবা পাবে।

মংলার চিত্র উৎসাহজনক: সরেজমিন বাগেরহাটের মংলার সোনাইলতলা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিদিন ২৫-৩০ জন ওই কেন্দ্রে আসছে। সোনাইলতলা ইউনিয়নের সচিব গৌরাঙ্গ চন্দ্র দত্ত জানান, কেন্দ্র থেকে মাসে সাত-আট হাজার টাকা আয় হয়।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের সেবাকেন্দ্র বেশ কিছু ব্যতিক্রমী সেবা দেয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, পাসপোর্টের আবেদন, ভারতীয় ভিসার আবেদন করাসহ ই-মেইল ও ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় সেখানে। আছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে ৫০-৬০ জন লোক সেবা নিতে সেখানে যায়। মাসে আয় ১৫ হাজার টাকার বেশি। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তি হয়েছে। ফলে ব্যাংকে না গিয়ে ইউনিয়নবাসী সেবাকেন্দ্রে গিয়ে বিদ্যুৎ বিল দিতে পারবে।

মিঠাখালী, সুন্দরবন ও চিলা ইউপির চেয়ারম্যানরা জানান, তাঁদের ইউনিয়নে সৌরবিদ্যুৎ দিয়ে কম্পিউটার ও ল্যাপটপ চালাতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান জানান, তিনটি ইউনিয়নে বিদ্যুৎসংযোগ দেওয়া হলে সারা উপজেলায় সব মানুষের দোরগোড়ায় প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়া যাবে।

রাজশাহীর সেবাকেন্দ্রগুলো বেশ ব্যস্ত: গতকাল বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট ইউনিয়নের ভায়ালক্ষ্মীপুর তথ্যসেবা কেন্দ্রে বসা ছিলেন পুটিমারী গ্রামের গৃহিণী শামীমা বেগম (৩০)। তিনি বিদ্যুৎ অফিসে একটি আবেদন করবেন, একই সঙ্গে উত্তরাধিকার সনদ নেবেন। সনদ তৈরির ফাঁকে তাঁর সঙ্গে কথা হয়। শামীমা বলেন, এই কেন্দ্র না থাকলে বিদ্যুতের আবেদন করতে তাঁকে ১৫ কিলোমিটার দূরে চারঘাট উপজেলা সদরে যেতে হতো।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৭১টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র রয়েছে। সবগুলোই সচল কিন্তু ইন্টারনেটের গতি কম থাকায় কাজ একটু ধীরগতিতে চলে। গতকাল জেলার তিন উপজেলার তিনটি ইউনিয়নে গিয়ে কর্মমুখর অবস্থা দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে ছিল ১০ থেকে ২৫ জন সেবাগ্রহীতা। কেউ নাগরিকত্ব সনদ নিতে, কেউ ছবি তুলতে, কেউ অনলাইনে চাকরির বিজ্ঞাপন দেখতে এসেছে। কোনো কোনো কেন্দ্রে যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।

পবা উপজেলার হজুরিপাড়া ইউনিয়ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে দুজন পুরুষ এবং দুজন নারী উদ্যোক্তা কাজ করছেন। উদ্যোক্তা জিয়াউল হক বলেন, প্রতিদিন এই কেন্দ্র থেকে অন্তত ১৫০ জন মানুষকে সেবা দেওয়া হয়। এর পাশাপাশি তাঁরা নিজেরা কয়েকটি কম্পিউটার কিনে বেকারদের প্রশিক্ষণ দিচ্ছেন।  

চারঘাটের ডাকরা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে ১০ জন নারী-পুরুষকে সেবা নিতে দেখা যায়। সেখানে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন কেন্দ্রে গিয়ে ২০-২৫ জন সেবা গ্রহণকারীর দেখা মেলে। ওই কেন্দ্রে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। পীরগাছা গ্রামের কলেজশিক্ষক নবাব আলী জানান, জন্মনিবন্ধন সনদ নিতে এসেছেন।

মেহেরপুরে ১৮টির মধ্যে ১১টি বন্ধ বা নিষ্ক্রিয়: মেহেরপুর জেলার ১৮ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মধ্যে ১১টি বন্ধ বা নিষ্ক্রিয় রয়েছে। এলাকাবাসী ও উদ্যোক্তাদের অভিযোগ, সরকারের নজরদারি ও প্রচারের অভাব, অবাধে যাতায়াত করতে না পারা ও ঘন ঘন উদ্যোক্তা পরিবর্তনের কারণে কেন্দ্রগুলো প্রত্যাশিত সেবা দিতে পারছে না।

৩ ও ৪ ডিসেম্বর সরেজমিন সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদে গেলে কক্ষটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করে পাওয়ার পর উদ্যেক্তা রাফিউজ্জামান জানান, জন্মনিবন্ধন ছাড়া কাজের চাপ নেই। অনলাইনে জন্মনিবন্ধনের ৫০ টাকা ফির মধ্যে ৩০ টাকা দেন ইউনিয়ন পরিষদকে। সেপ্টেম্বরে এই কেন্দ্রে ১০০টি নিবন্ধন করে আয় হয়েছে পাঁচ হাজার টাকা। এই টাকার বেশির ভাগই চেয়ারম্যানের নামে পান-সিগারেট কিনতে খরচ হয়েছে।

ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন, তাঁর নাম করে ইউপি সদস্য বা অন্যরা টাকা নিলেও তিনি তা শোধ করে দেন। ওই কেন্দ্রে কম্পিউটার, ইউপিএস, ক্যামেরা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নেই।

আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হাসানুজ্জামান বলেন, ‘এ কাজ করে পেট চলে না। তাই অন্য কাজও করতে হয়।’ দারিয়াপুর ই-সেবা কেন্দ্রে উপস্থিত বিদ্যাধরপুর গ্রামের শাহরিয়ার হোসেন জানান, চেয়ারম্যান খাজনা ও কর পরিশোধ ছাড়া কারও জন্মনিবন্ধন সনদ দিতে না করেছেন। উদ্যোক্তা ফারুক হোসেন জানান, চেয়ারম্যানদের আন্তরিকতা, স্বচ্ছতা ও সহযোগিতা ই-সেবা কেন্দ্র আরও কার্যকর করতে পারে।

দুর্গম এলাকায় ঢিলেঢালা অবস্থা: পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তথ্যসেবা কেন্দ্রগুলো চলছে ঢিলেঢালাভাবে। সচেতনতার অভাব ও পশ্চাৎপদ হওয়ায় কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না ওই এলাকার বেশির ভাগ মানুষ। এ কারণে উদ্যোক্তারাও আছেন অর্থসংকটে।

উপজেলার আমতলী ইউনিয়নে বিদ্যুৎ পৌঁছেনি। বাকি সাত ইউনিয়নের সদর এলাকায় বিদ্যুৎ গেলেও অধিকাংশ গ্রাম বিদ্যুৎবিহীন। এসব এলাকা দুর্গম ও পশ্চাৎপদ। খেদারমারা ইউনিয়ন ছাড়া অন্য সাত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গড়ে দৈনিক মাত্র ১০০ টাকা আয় হচ্ছে। ডেটা অ্যান্ট্রি, জন্মসনদ ও কম্পিউটার কম্পোজের কাজই হচ্ছে কেন্দ্রগুলোতে।

সাজেক ইউনিয়নে মোনআদাম ও থলছড়া গ্রামের বিনয় জ্যোতি চাকমা বলেন, ‘তথ্যসেবা কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার দূরে আমরা থাকি। তথ্যসেবা কেন্দ্রে কী করা হয় তাও এলাকার লোকজন জানে না।’

বাঘাইছড়ি ইউপির চেয়ারম্যান অলিভ চাকমা জানান, অধিকাংশ গ্রাম দুর্গম ও পশ্চাৎপদ। সেখানকার মানুষ অসচেতনতার কারণে ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়ে ওঠেনি।

ইউএনও সুমন চৌধুরী বলেন, প্রত্যন্ত এ এলাকার প্রত্যেক তথ্যসেবা কেন্দ্র সচল থাকলেও গ্রামবাসী পুরোপুরি সচেতন হয়ে ওঠেনি।

উপকূলীয় জেলার চিত্র: পটুয়াখালী সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়ন সেবাকেন্দ্রে গত নভেম্বর মাসে ৬০০ নারীসহ এক হাজার ৩০০ জন সেবা নিয়েছে। এতে আয় হয়েছে তিন হাজার ৫০০ টাকা। এর ৪০ ভাগ সরকারি কোষাগারে দেওয়া হয়েছে, বাকি টাকা কেন্দ্রের দুজন উদ্যোক্তা পাচ্ছেন।

সপ্তম শ্রেণির ছাত্রী শ্রাবণী ওই কেন্দ্রে ছবি তুলতে এসেছিল। তার বক্তব্য, ২০ টাকায় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া যায়। কেন্দ্রের উদ্যোক্তা বেলায়েত হোসেন জানান, কেন্দ্রের কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ অকেজো হয়ে রয়েছে।

মির্জাগঞ্জ ইউনিয়ন কার্যালয়ে গিয়ে দেখা যায়, তথ্যসেবা কেন্দ্রটি কার্যালয় থেকে সরিয়ে মির্জাগঞ্জ থানার পাশে নেওয়া হয়েছে। নভেম্বরে এই কেন্দ্র থেকে ১৬৫ জন সেবা নিয়েছেন। আয় হয়েছে আট হাজার টাকা।

ইউপি চেয়ারম্যান মো. মাজেদ গোলদার জানান, ইউপি কার্যালয়ে বিদ্যুৎসংযোগ নেই, ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। আয় না থাকায় উদ্যোক্তাদের ধরে রাখা যাচ্ছিল না বলেই তথ্যসেবা কেন্দ্রটি সড়কের পাশে নেওয়া হয়েছে।

জৈনকাঠি ইউনিয়ন কার্যালয়ে গিয়ে দেখা যায়, উদ্যোক্তা মনিরুল ইসলাম ল্যাপটপে একজনের উত্তরাধিকার সনদ কম্পোজ করছেন। ডেস্কটপ ও স্ক্যানার অকেজে হয়ে আছে।  তিনি জানান, জন্মনিবন্ধন ও উত্তরাধিকার সনদ নিতেই বেশি লোক আসছে কেন্দ্রে। গত নভেম্বরে কেন্দ্র থেকে সেবা নেওয়া প্রায় ১০০ ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা আয় হয়েছে বলে জানান তিনি।

এটুআই সূত্র জানায়, ফাইবার অপটিক কেব্‌ল বসলে তথ্যসেবা কেন্দ্রগুলো উপকৃত হবে। এ ছাড়া বিদ্যুৎসংযোগ এই উদ্যোগ বাস্তবায়নের প্রধান হাতিয়ার।

কর্মসূচি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যায়ন হচ্ছে, ইউপি চেয়ারম্যানদের আন্তরিকতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ, কেন্দ্রগুলোর ওপর স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরদারি বাড়ানো ও এসব কাজ সম্পর্কে মানুষকে সচেতন করতে বেশি বেশি প্রচার প্রয়োজন।