সমস্যার শেষ নেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের ৯০ ফুট দেয়াল ধসে পড়েছে। এ কারণে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন শিক্ষার্থীরা। তার ওপর কলেজে পর্যাপ্তসংখ্যক শিক্ষক, মিলনায়তন, ভবন ও লোকবলের সংকট রয়েছে। এ অবস্থায় ৫১ বছরের পুরোনো ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে ব্রিটিশ আমলে নির্মিত মুসলিম ইনস্টিটিউটের একটি পাবলিক হলে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষাকার্যক্রম চালু হয়। শহরের মনোহরপুর এলাকার পাঁচ একর জায়গার ওপর অবস্থিত ওই কলেজটি ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি জাতীয়করণ করা হয়। বর্তমানে এই কলেজের শিক্ষকদের ৫৭টি পদের মধ্যে ১২টি পদই শূন্য। তা ছাড়া লাইব্রেরিয়ানের পদটি গত আট বছর শূন্য রয়েছে। নেই গ্রন্থাগারে ক্যাটলগারও। কর্মচারীদের সাতটি পদের মধ্যে চারটিই শূন্য। এ অবস্থায় লোকবল সংকটে জর্জরিত হয়ে পড়েছে কলেজটি। বর্তমানে এ কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই হাজার, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে এক হাজারসহ মোট তিন হাজার ছাত্রী রয়েছেন। কলেজটিতে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজকর্ম, রসায়ন, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও গণিতে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। কলেজের একাধিক শিক্ষক জানান, যুগের চাহিদা অনুযায়ী এখন ব্যবসায় শিক্ষা শাখার দরকার। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেও এই কলেজে ওই শাখা চালু করা যায়নি। ইতিমধ্যে গত তিন বছরে কয়েক দফা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি চালাচালি করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো ফল হয়নি।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, বিভাগ-শাখা অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দিয়ে থাকে। আমরা এ ব্যাপারে বহু আগেই মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।এদিকে সাম্প্রতিক বর্ষণে সরকারি মহিলা কলেজের হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের পূর্ব পাশের দেয়াল দুই দিক দিয়ে ধসে পড়েছে। ওই দেয়ালের এক পাশে আনুমানিক ৫০ ফুট, আরেক পাশে ৪০ ফুট ধসে যায়। কলেজ কর্তৃপক্ষ বাঁশের তৈরি বেড়া দিয়ে ক্ষতিগ্রস্ত দেয়াল ঢেকে রেখেছে। ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসে আসন সংখ্যা ২০০ হলেও থাকছেন ৪০০ জন। তিনতলাবিশিষ্ট ওই ছাত্রীনিবাসের পলেস্তারা খসে পড়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে। তার ওপর এক কক্ষে ১২ জন করে ছাত্রী গাদাগাদি করে থাকেন। খাবারের মানও সন্তোষজনক নয়। অন্যদিকে আয়েশা সিদ্দিকা নতুন ছাত্রীনিবাসে ১০০ আসনের বিপরীতে ২০০ জন থাকেন।হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল নাছের বলেন, নতুন ভবন নির্মিত না হলে ছাত্রীদের পর্যাপ্ত আবাসনব্যবস্থা নিশ্চিত করা যাবে না। ছাত্রীরা গাদাগাদি করে ছাত্রীনিবাসে থাকছেন। বরাদ্দ পেলেই দেয়াল নির্মাণ করা হবে। একটু বৃষ্টি হলেই কলেজ এলাকায় হাঁটু পানি জমে যায়। শহরের অন্যান্য এলাকা থেকে ওই এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় এই অবস্থা দেখা দিচ্ছে। মুষলধারে বৃষ্টি হলেই অধ্যক্ষের বাংলো ও কলেজের নিচতলার কক্ষগুলোতে পানি ঢুকে যায়। এতে আসবাব নষ্ট হয়ে যায়। কলেজের শিক্ষার্থী আনোয়ারা বেগম, রোজিনা আক্তার ও ফারহানা বেগম বলেন, এই কলেজে কোনো ধরনের মিলনায়তন নেই। কলেজের চারদিকের তিন দিকেই বড় ধরনের নালা। নালার পানির পচা গন্ধে আমরা থাকতে পারছি না। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক সার্বিক বিষয়ে বলেন, এই কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদ নেই, শিক্ষকের সংকট ও কর্মচারীর অভাব রয়েছে। রয়েছে আবাসনব্যবস্থাসহ জলাবদ্ধতা। লিংক রোড নির্মাণ না হলে জলাবদ্ধতা ঠেকানো যাবে না। পরিত্যক্ত ভবনটি ভাঙার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরিত্যক্ত ভবনটি সরালে একাডেমিক ভবন, মিলনায়তন ও প্রশাসনিক ভবন নির্মাণ করা যেত। তখন কলেজের অবয়ব আরও সুন্দর হতো।