সমস্যার শেষ নেই সিলেট সরকারি মহিলা কলেজে
সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ নানা সমস্যায় সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছেন। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে চার একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে শুরুর দিকে এইচএসসি ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেতেন। ২০০৩ সাল থেকে সাতটি বিষয়ে স্নাতক (সম্মান) বিভাগ চালু হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে কলেজটিতে ছয় হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষকেরা জানিয়েছেন, নিয়মানুযায়ী প্রতিটি বিভাগে সাতজন শিক্ষক থাকার কথা। কিন্তু এখনো প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের পদই সৃষ্টি করা হয়নি। ফলে চারজন শিক্ষক দিয়েই শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে আবার কোনো বিভাগে চারজন শিক্ষকও কর্মরত নেই। মাত্র একজন শিক্ষক দিয়ে ইসলামের ইতিহাস বিভাগটি চলছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৩ সালে সম্মান বিভাগ চালু হওয়ার কারণে কলেজটিতে সর্বমোট ৭৩ জন শিক্ষকের পদ তৈরি হওয়ার কথা থাকলেও তা আজ পর্যন্ত হয়নি। ফলে সেই পুরোনো মঞ্জুরীকৃত ৫১ জন শিক্ষক পদের মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চলছে। এই পদের বিপরীতে আবার কর্মরত রয়েছেন মাত্র ৩৮ জন শিক্ষক।খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের প্রায় সাত হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য রয়েছে মাত্র দুটি বাস। তাও সেটি কখন ভালো, কখন খারাপ থাকে তা বলা মুশকিল। এমনকি বাসগুলো নগরের সব রুটে চলাচল না করায় অধিকাংশ শিক্ষার্থী পরিবহন-সুবিধার বাইরে থাকছেন। অথচ প্রতিবছর ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পরিবহন খাতে টাকা আদায় করা হয়। আর এই টাকায় চালকের বেতন থেকে শুরু করে বাসগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সব ব্যয় বহন করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘গত তিন বছরে এক দিনও গাড়িতে ওঠার সুযোগ পাইনি। অথচ পরিবহন খাতে ঠিকই টাকা দিয়ে যাচ্ছি। শ্রেণীকক্ষের সংকট থাকায় ঠিকমতো অনেক বিভাগের ক্লাসও হচ্ছে না। এতে করে এই কলেজের ছাত্রীরা অন্যান্য কলেজের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছেন।’ শিক্ষার্থীরা জানান, কলেজের একমাত্র হোস্টেলটিতে ৩৬০ জন ছাত্রীর আবাসন-সুবিধা রয়েছে। তবে এই আসনের বিপরীতে গাদাগাদি করে ৬০০ ছাত্রী থাকছেন। অনেক শিক্ষার্থী আবাসন-সুবিধা না পেয়ে ভাড়া করা মেসবাড়িতে নানা ধরনের সমস্যা সঙ্গী করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক অরুণচন্দ্র পাল বলেন, ‘আবাসন-সুবিধা না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীর স্বাভাবিক পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, এটি ঠিক। এ অবস্থার উত্তরণে আমরা কলেজ কর্তৃপক্ষ প্রতিনিয়ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে অবকাঠামোগত কোনো উন্নয়ন না হওয়ায় শ্রেণীকক্ষের সংকট লেগেই রয়েছে। তবে আশার কথা হচ্ছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহযোগিতায় আরও তিনটি শ্রেণীকক্ষ নির্মাণের কাজ চলছে। এগুলো নির্মাণ হলে কক্ষসংকট কিছুটা হলেও দূর হবে। এ ছাড়া শিক্ষকসংকটসহ অন্য সমস্যাগুলোও সমাধানের চেষ্টা আমরা করছি।’