
দেশের সংঘাতময় পরিস্থিতির জন্য দুই নেত্রীই দায়ী। তাই সমস্যার সমাধানও তাঁদেরই করতে হবে। না হয় মানুষ বিকল্প সমাধান করবে।
গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘জোর করে নির্বাচন নয়, সন্ত্রাস করে ঠেকানো নয়, সকলের কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন চাই’—এ দাবিতে সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য। তবে একই সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) একই ধরনের কর্মসূচি থাকায় তারাও যুগপৎভাবে তাতে অংশ নেয়।
সমাবেশে বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘আজকে ১৬ কোটি মানুষের দেশ, নয় কোটি ভোটারের দেশ—আমাদের নাম নিয়ে যারা ক্ষমতা আত্মসাৎ করে লুটপাট করবে, দেশের সম্পদ লুটপাটের লাইসেন্স পাবে, দেশের সম্পদ ভোগ করবে, তাদের বলতে চাই—ভুলে যাও, ভুলে যাও এটা হতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা দেব তাদের, যারা আমাদের কথা বলে ক্ষমতায় যায়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। প্রত্যেক গ্রামে “আমরা দেশের মালিক” নামে কমিটি গঠন করুন।’
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দেশের সংঘাতময় পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, ‘এসব ঘটনায় আওয়ামী লীগ বলছে খালেদা জিয়া দায়ী, আবার বিএনপি বলছে শেখ হাসিনা দায়ী। আমি বলব দুই দলই সত্য কথা বলছে। অর্থাৎ হাসিনা-খালেদা দুজনই দায়ী।’
সভাপতির বক্তব্যে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আজ বাংলাদেশ জ্বলছে। এই শহীদ মিনারের ১০০ গজ দূরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মানুষ ধুঁকে ধুঁকে মরছে। পোড়া শরীর নিয়ে আর্তনাদ করছে। তাই জাতির বিবেক জাগ্রত হওয়ার জন্য সমবেত হয়েছি। আমরা গণতন্ত্র চাই, শান্তি চাই, অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাম্প্রতিক সময়ে আগুন দিয়ে মানুষ মারাসহ বিভিন্ন সহিংস ঘটনার চিত্র তুলে ধরে বলেন, দেশের এ রাজনৈতিক সংকটের জন্য দায়ী সরকার এবং তার সমাধানও সরকারকে করতে হবে। আবার বিরোধী দল যে ধ্বংসের রাজনীতি করছে, তা-ও বন্ধ করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।