দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, সমস্যাও রয়েছে। এসব সমস্যার সমাধান না হলে সম্ভাবনাকে কাজে লাগানো যাবে না। তাই বাংলাদেশের অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
গতকাল রোববার সকালে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই অভিমত দিয়েছেন। ওই বৈঠকের পর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় তাঁদের এ বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি সম্পর্কে নিশা দেশাই খোঁজ নেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা ও ড. ইউনূসের মিয়ানমার সফরের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিকভাবেই রাজনীতির প্রসঙ্গ আলোচনায় এসেছে। তার আগে আলোচনা হয়েছে গ্রামীণ ব্যাংক নিয়ে। উনি এটা নিয়েও উদ্বিগ্ন। গ্রামীণ ব্যাংকের একজন পুরোনো সমর্থক হিসেবে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কী হবে, সেটা তিনি জানতে চাইলেন। গ্রামীণ ব্যাংক নিয়ে ইতিপূর্বে পত্রপত্রিকায় যা বলেছি, তার আলোকে আমার অবস্থান ব্যাখ্যা করেছি।’
‘আপনি বলেছেন, নাকি তিনি জানতে চাইলেন?’ ‘না, তিনি জানতে চাইলেন। গ্রামীণ ব্যাংক নিয়ে যে পরিবর্তনগুলো হয়েছে, তার প্রভাব কী হবে, সে সম্পর্কে তিনি আমার মতামত জানতে চেয়েছেন। এখন পর্যন্ত এ নিয়ে যেসব বিবৃতি দিয়েছি, তার সারসংক্ষেপ তাঁর কাছে দিয়েছি।’
ড. ইউনূস আরও বলেন, ‘রাজনীতি নিয়ে তিনি জানতে চাইলে এর আগে গণমাধ্যমে যা জানিয়েছি, সেটি তাঁকে বলেছি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। তবে সংলাপ নিয়ে কোনো আলোচনা হয়নি।’
নাগরিক সমাজ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘ঠিক এ বিষয়টি নিয়ে কথা হয়নি। তবে তিনি (নিশা দেশাই) বলেছেন, বাংলাদেশের প্রচুর অগ্রগতি হয়েছে, সেটা যেন বাধাপ্রাপ্ত না হয়। তাঁর মতে, বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। আবার সমস্যাও আছে। এ সমস্যাগুলো দূর করা না গেলে সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যাবে না। বাংলাদেশের অর্জনগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয়, তার ওপর তিনি জোর দিয়েছেন।’
ড. ইউনূস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পদকের হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ২০ নভেম্বর ওয়াশিংটনে এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ৫০ বছরে এ পদক পাওয়া জীবিত সব ব্যক্তিকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। বারাক ওবামার পক্ষ থেকে নিশা দেশাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জানালাম, বারাক ওবামার সঙ্গে আমার দেখা হবে, এ জন্য আমি আনন্দিত। আগামীকাল সোমবার আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হব।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি মিয়ানমারের প্রসঙ্গটা তুলেছি। আগামী বছরের এপ্রিলে আমি মিয়ানমারে যাচ্ছি। রোহিঙ্গা শরণার্থীসহ মিয়ানমারের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে ওই সফরে আমি আলোচনা করতে চাই। এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা রাখতে চায়, তা নিয়ে কথা বলেছি। আমার পক্ষ থেকে সমস্যা সমাধানে আমি কী কী করছি, সেটি তাঁর কাছে তুলে ধরেছি।’